সংবাদ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই সাংবাদিকের ফেসবুক আইডি সাসপেন্ড
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) আবু সাইদের বিরুদ্ধে সাংবাদিককে সংবাদ সংগ্রহে বাধা ও ডিসি কার্যালয়ের কক্ষে প্রবেশ নিয়ে মন্তব্যের অভিযোগে সংবাদ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই সাংবাদিক শেখ জুনায়েদের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট ‘Suspended’ দেখানোর অভিযোগ উঠেছে।
সাংবাদিক শেখ জুনায়েদ দৈনিক নববাণীর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর ব্যক্তিগত ‘Junaed Mia’ নামের ফেসবুক অ্যাকাউন্টটি সাসপেন্ড হওয়ার বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন।
শেখ জুনায়েদ বলেন, জেলা প্রশাসক আবু সাইদের বক্তব্য ও ঘটনাটি নিয়ে শনিবার (১৯ সেপ্টেম্বর) দেনিক নববাণীতে সংবাদ প্রকাশের পর তিনি স্থানীয় ও জেলাভিত্তিক বিভিন্ন ফেসবুক গ্রুপে সংবাদটি শেয়ার করেন। এর কিছুক্ষণ পর হঠাৎ তাঁর ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করা যাচ্ছিল না। পরে ফেসবুক থেকে “Your Facebook Account Is Suspended” বার্তা দেখতে পান।
তিনি বলেন, “বার্তাটি দেখার পর আমি মানসিকভাবে হতাশ হয়ে পড়ি। বিষয়টি নিয়ে সহকর্মীদের সঙ্গে কথা বললে তারা আমাকে সান্ত্বনা দেন এবং বিকল্প অ্যাকাউন্ট ব্যবহার করে ফেসবুকের সাইবার সিকিউরিটি টিমের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।”
শেখ জুনায়েদের দাবি, সাইবার সিকিউরিটি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের পর তাঁকে জানানো হয়, একাধিক রিপোর্টের কারণে তাঁর অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্টরা জানান, অভিজ্ঞ ব্যক্তিদের মাধ্যমে একাধিক রিপোর্ট করা হয়েছে বলে তারা দেখতে পেয়েছেন। তবে অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা কঠিন হতে পারে বলেও তাঁকে জানানো হয়েছে।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর জেলা প্রশাসক আবু সাইদের সঙ্গে সাংবাদিক শেখ জুনায়েদের কথোপকথন ও সংবাদ সংগ্রহে বাধার অভিযোগ নিয়ে দৈনিক গণকণ্ঠের অনলাইন পোর্টালে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল বলে দাবি করেন শেখ জুনায়েদ। পরবর্তীতে ওই সংবাদটি ওয়েবসাইটে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন।
সাংবাদিক শেখ জুনায়েদ বলেন, একজন জেলা প্রশাসক হিসেবে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকের সঙ্গে এমন আচরণ কাম্য নয়। তিনি এ ঘটনার প্রতিবাদ জানান এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানান।
তিনি বলেন, “আমি ইতোমধ্যে বিভাগীয় কমিশনার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২, বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রেস সচিব, জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগের (অতিরিক্ত দায়িত্ব) অতিরিক্ত সচিবসহ স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানিয়েছি।”
শেখ জুনায়েদ আরও জানান, বিষয়টি নিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
তিনি বলেন, “প্রয়োজনে সংবাদ সম্মেলন কিংবা মানববন্ধনের মতো কর্মসূচি আয়োজন করা হবে। একজন গণমাধ্যমকর্মীর সংবাদ সংগ্রহ ও মতপ্রকাশের অধিকার রক্ষায় আইনসম্মতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

