গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএনওর নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান, মাঠে দুই শতাধিক কর্মী
বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের যৌথ উদ্যোগে আয়োজিত এ অভিযানে প্রায় দুই শতাধিক পরিচ্ছন্নতাকর্মী ও স্বেচ্ছাসেবী অংশ নেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। অভিযানে অংশগ্রহণকারীরা হাসপাতাল চত্বর, প্রবেশপথ, আশপাশের সড়ক ও বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। একই সঙ্গে হাসপাতাল এলাকায় পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান আকবার, উপজেলা মহিলা নেত্রী তানিয়া মাহমুদ, যুবদল নেতা মোঃ হুমায়ুন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আলামিন মোল্লা, জুলাই ছাত্রনেতা মোঃ গোলাম মোর্শেদসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা।
পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া কর্মী ও স্বেচ্ছাসেবীরা হাসপাতাল চত্বরের বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা অপসারণ করেন। পাশাপাশি হাসপাতাল এলাকায় ময়লা-আবর্জনা না ফেলা, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, হাসপাতাল হচ্ছে মানুষের চিকিৎসা ও সেবার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। তাই হাসপাতাল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখা রোগীদের দ্রুত সুস্থ হয়ে ওঠার অনুকূল পরিবেশ তৈরির পাশাপাশি সংক্রমণের ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অভিযানের মাধ্যমে শুধু হাসপাতাল চত্বর পরিষ্কার করাই নয়, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং রোগী, স্বজন ও স্থানীয়দের মধ্যে স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতা বাড়ানোর বার্তাও দেওয়া হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।


