বগুড়ায় ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, অটোরিকশা চালকসহ আহত ৫

নাজমুল হাসান নাজির সিনিয়র স্টাফ রিপোর্টার প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ
বগুড়ায় ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, অটোরিকশা চালকসহ আহত ৫
২৫

বগুড়ায় একটি ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টে আকস্মিক বিস্ফোরণের ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় ফিলিং স্টেশনের ছাউনি, নিরাপত্তা দেয়াল ও বেশ কয়েকটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে।

​আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ইসলামপুর এলাকায় ‘অতিথি ফিলিং স্টেশন’-এ এই দুর্ঘটনা ঘটে।
​ফিলিং স্টেশনের কর্মকর্তা ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে যথারীতি যানবাহনে গ্যাস সরবরাহ কার্যক্রম চলছিল। হঠাৎ করেই গ্যাস প্ল্যান্টের ভেতরের সরবরাহ লাইনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তের মধ্যে আশপাশের এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের অভিঘাতে প্ল্যান্টের মূল ছাউনি ছিন্নভিন্ন হয়ে যায় এবং দেয়াল ও ট্যাংকসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এসময় গ্যাস নিতে আসা কয়েকটি সিএনজিচালিত অটোরিকশাও আগুনে ও আংশিক ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয়।
​দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের টহল ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। আহতদের মধ্যে অটোরিকশাচালকসহ গুরুতর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
​বগুড়া ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানায়, গ্যাস রিফিল করার পয়েন্টেই এই বিস্ফোরণের সূত্রপাত হয়েছিল। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত তৎপরতা চালিয়ে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন। বিস্ফোরণে কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।