বান্দরবানের রোয়াংছড়িতে সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ আসমত হোসেন, বান্দরবান জেলা প্রতিনিধি : প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৩:৫৮ অপরাহ্ণ
বান্দরবানের রোয়াংছড়িতে সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
৫০

‘সারা দেশে ২৫ কোটি চারাগাছ রোপণ, বর্তমান সরকারের অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১০ আগস্ট) সকালে রোয়াংছড়ি উপজেলার উসারা লাইব্রেরি প্রাঙ্গণে বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা ৩০০ নম্বর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস তাজমিন আলম তুলি, জেলা বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম, প্ল্যান্টেশন কর্মকর্তা মো. আবু ইউসুফ, রোয়াংছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা এহসানুল হক এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সা শৈ প্রু মার্মা।

 

এ ছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি হাজী আবুল বাশর। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচি শুধু গাছ লাগানোর একটি আনুষ্ঠানিকতা নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার গুরুত্বপূর্ণ উদ্যোগ। পাহাড়ি এলাকার প্রকৃতি বিভিন্ন কারণে হুমকির মুখে পড়ছে। পাহাড় কাটা ও নির্বিচারে গাছ নিধনের ফলে জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে।

 

বক্তারা রোয়াংছড়ির প্রতিটি পাড়া ও বাড়ির আঙিনায় ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর মাধ্যমে সবুজায়ন কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

 

আলোচনা সভা শেষে অতিথিরা উপকারভোগী সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মাঝে ৭-৮ প্রজাতির ২০ হাজার বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করেন। এর মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।