নিপীড়নের শিকার তিন নাতনি
নদিয়ায় ৫ বছরের নাতনিকে যৌন নির্যাতনের অভিযোগে ঠাকুরদা গ্রেপ্তার
ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শান্তিপুর থানা এলাকায় নাতনিদের যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে সোমবার (৬ জুলাই) রাতে তাঁকে আটক করা হয়। পরে মঙ্গলবার (৭ জুলাই) তাঁকে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে তাঁর পাঁচ বছর বয়সী নাতনিকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। সম্প্রতি শিশুটির মা নিজের মেয়ের সঙ্গে অভিযুক্তকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এরপর বিষয়টি পরিবারের নজরে আসে এবং অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগকারী মায়ের দাবি, তাঁর তিন মেয়েই অপ্রাপ্তবয়স্ক। ঘটনার পর তিনি জানতে পারেন, অভিযুক্ত এর আগেও তাঁর অপর দুই মেয়ার সঙ্গেও একই ধরনের যৌন নির্যাতন করেছেন। তাঁর অভিযোগ, তিন শিশুই অভিযুক্তের যৌন নিপীড়নের শিকার হয়েছে।
পরিবারের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে ওই নারীর সঙ্গে তাঁর শ্বশুর-শাশুড়ির পারিবারিক বিরোধ চলছিল। তবে সাম্প্রতিক ঘটনার পর নির্যাতিত শিশুদের বাবা-মা আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন এবং থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর শান্তিপুর থানা পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। বর্তমানে ঘটনার তদন্ত চলছে। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

