কাপ্তাইয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমাণ প্রযুক্তি প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন
রাঙামাটির কাপ্তাই উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ প্রযুক্তি শিক্ষা কার্যক্রমের আওতায় চলমান ‘কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রশিক্ষণ কোর্স পরিদর্শন করেছেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন।
সোমবার (৬ জুলাই) প্রশিক্ষণ কার্যক্রমের পঞ্চম দিনে তিনি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের উপস্থিতি, পাঠদানের মান, ব্যবহারিক শিক্ষা কার্যক্রম এবং সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করে প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রশিক্ষক মো. ফরাইজুল ইসলাম, অফিস সহকারী মো. খাইরুল ইসলাম, সাংবাদিক মোশারফ হোসেন, আব্দুল হাই খোকন এবং মো. জয়নাল আবেদীন। তারা প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন এবং প্রশিক্ষণের অগ্রগতি সম্পর্কে অবহিত হন।
যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে পরিচালিত এ ভ্রাম্যমাণ প্রযুক্তি শিক্ষা কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত ও গ্রামীণ এলাকার যুবকদের তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষ করে তোলার লক্ষ্যে বিভিন্ন মেয়াদি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণার্থীরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

