অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মো. নজরুল ইসলাম, গাজীপুর মহানগর প্রতিনিধি : প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৩:২১ পূর্বাহ্ণ
অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
৯৬

দেশব্যাপী অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক রাজনীতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগর যুবদল টঙ্গী ও গাছা এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

 

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে টঙ্গী ও গাছার পৃথক স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলগুলো ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার, টঙ্গী কলেজগেট ও টঙ্গী স্টেশন রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

 

গাছা এলাকায় আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির রাজু, গাছা থানা বিএনপির সভাপতি মো. বাবুল সিপাই, সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ও ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. ফারুক হোসেন খান, গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোমিনুর রহমান মোমিন, যুবদল নেতা আশরাফুর রহমান জুয়েল তাজ, গাজীপুর মহানগর ছাত্রদলের আহ্বায়ক সদস্য মো. সোলাইমান সরকার, ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবুল হাসেম, মো. মজিবুর রহমান ও সেলিম খানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

টঙ্গী পশ্চিম থানা এলাকায় কর্মসূচিতে নেতৃত্ব দেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ সুমন এবং সাধারণ সম্পাদক আজিজুল হক টিপু।

 

অন্যদিকে টঙ্গী পূর্ব থানা এলাকায় নেতৃত্ব দেন গাজীপুর মহানগর যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সভাপতি আকবর হোসেন ফারুক এবং গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডল।

 

সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তারা দাবি করেন, গণতন্ত্র ও জনগণের স্বার্থবিরোধী যেকোনো অপতৎপরতা রাজপথে প্রতিহত করা হবে।

 

বক্তারা আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের স্বার্থে সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক অবস্থানে রয়েছে। কেন্দ্রীয়ভাবে ঘোষিত কর্মসূচিগুলো সফল করতে গাজীপুর মহানগরে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে বলেও তারা উল্লেখ করেন।