আহত উদ্ধারকারী ব্যবসায়ী
দেবোত্তর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদাৎ (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাকে উদ্ধার করতে গিয়ে আক্তার নামে এক কাপড় ব্যবসায়ী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে দেবোত্তর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের ছাদে জমে থাকা বৃষ্টির পানি নিচে অবস্থিত আকুল স্টোরের ওপর পড়ছিল। পানি পড়া বন্ধ করতে শাহাদাৎ ছাদে ওঠেন। একপর্যায়ে তার পা পিছলে নিচে থাকা বৈদ্যুতিক তারের ওপর পড়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলে সিটি কাপড়ের দোকানের ব্যবসায়ী আক্তারও বিদ্যুতের সংস্পর্শে এসে আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
ফায়ার সার্ভিস কর্মীরা শাহাদাতের মরদেহ উদ্ধার করে তার নিজ বাড়ি কদমডেঙা গ্রামে পৌঁছে দেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আহত আক্তারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহত শাহাদাৎ দেবোত্তর বাজারের পরিচিত ব্যবসা প্রতিষ্ঠান আকুল স্টোরের কর্মচারী ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে বাজারের ব্যবসায়ী, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে কদমডেঙা গ্রামে তার বাড়িতে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা বাজার এলাকায় ঝুলে থাকা বৈদ্যুতিক তার এবং নিরাপত্তা ঝুঁকিপূর্ণ অবকাঠামোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ঘটনাটি ঘিরে পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

