ডাকাতি মামলার তিন আসামি গ্রেফতার, জব্দ মোবাইল ও মোটরসাইকেল

আলেক শেখ, নাটোর জেলা প্রতিনিধি : প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ
ডাকাতি মামলার তিন আসামি গ্রেফতার, জব্দ মোবাইল ও মোটরসাইকেল
৬৩

নাটোরের সিংড়ায় যৌথ অভিযান চালিয়ে ডাকাতি মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, রাজশাহী ও র‍্যাব-১, ঢাকার আভিযানিক দল। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

 

র‍্যাব-৫, নাটোর ক্যাম্প সূত্রে জানা যায়, গত ১৪ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের প্যাঙ্গাসিয়া বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডাকাতি মামলার আসামি মো. সুজন মিয়া (২৬), মো. আরিফুল ইসলাম সবুজ (৩৮) এবং মো. এমদাদুল হক (৩৭)কে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতদের মধ্যে সুজন মিয়ার বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাচামারা গ্রামে, আরিফুল ইসলাম সবুজের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার সোনাপুর গ্রামে এবং এমদাদুল হকের বাড়ি সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর উপজেলার গোবরে খে এলাকায়।

 

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানায় দায়ের করা একটি ডাকাতি মামলার (মামলা নং-১১, তারিখ: ২৭ মে ২০২৬, ধারা-৩৯৫/৩৯৭) এজাহারভুক্ত আসামি। অভিযান শেষে তাদের সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস, ডাকাতি, ছিনতাই, মাদক ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।