ভুভুজেলা ও স্লোগানে মুখর লংগদু

শত শত ব্রাজিল সমর্থকের অংশগ্রহণে আনন্দ শোডাউন

মো. গোলামুর রহমান, লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি : প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৪:০০ অপরাহ্ণ
শত শত ব্রাজিল সমর্থকের অংশগ্রহণে আনন্দ শোডাউন
৯২

রাঙ্গামাটির লংগদু উপজেলায় ফুটবল পরাশক্তি ব্রাজিলের সমর্থকদের অংশগ্রহণে এক বিশাল ও বর্ণাঢ্য শোডাউন অনুষ্ঠিত হয়েছে। প্রিয় দলের প্রতি অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা প্রকাশ করতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত ব্রাজিল ভক্ত এই আয়োজনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

 

উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র মাইনীমুখ বাজার থেকে ব্রাজিল সমর্থকদের একটি বিশাল আনন্দ র‍্যালি ও শোডাউন বের করা হয়। প্রিয় দলের জার্সি পরিহিত সমর্থকদের উচ্ছ্বাস, ভুভুজেলা এবং নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। র‍্যালিটি মাইনীমুখ বাজার থেকে শুরু হয়ে আটারকছড়া ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ ও ফুটবলপ্রেমীরা করতালির মাধ্যমে সমর্থকদের স্বাগত জানান।

 

র‍্যালি শেষে সমর্থকরা লংগদু মাঠে এসে সমবেত হন। সেখানে আয়োজনটি এক প্রাণবন্ত মিলনমেলায় রূপ নেয়, যেখানে ব্রাজিল ভক্তরা আনন্দ-উচ্ছ্বাসে অংশ নেন।

 

সমর্থকরা জানান, ফুটবলের প্রতি ভালোবাসা এবং প্রিয় দল ব্রাজিলের প্রতি সংহতি প্রকাশ করতেই এ ব্যতিক্রমী শোডাউনের আয়োজন করা হয়েছে। লংগদু মাঠে অনুষ্ঠিত মিলনমেলায় তারা ব্রাজিল দলের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজনের সমাপ্তি ঘটে।

 

এ সময় শোডাউনে নেতৃত্বদানকারী হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, লংগদু ইউনিয়ন চেয়ারম্যান বিক্রম বলি, মাইনী ইউনিয়ন চেয়ারম্যান কমাল হোসেন কমল এবং আটারকছড়া ইউনিয়নের সচিব আল আমিন ইমরান।