উদ্ধারকাজে স্থানীয়রা

হবিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত বেশ কয়েকজন

হাফিজ আল মিথুন, হবিগঞ্জ প্রতিনিধি : প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ৪:০১ অপরাহ্ণ
হবিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত বেশ কয়েকজন
৮৯

হবিগঞ্জ শহরের স্বাস্থ্য কমপ্লেক্স রোডে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেছে। এ ঘটনায় বাসের বেশ কয়েকজন যাত্রী কমবেশি আহত হয়েছেন।

 

বুধবার (১০ জুন) কলিমনগর ও জগতপুরের মধ্যবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘হবিগঞ্জ বিরতিহীন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস যাত্রী নিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। চালক বাসটির নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হলে সেটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়।

 

দুর্ঘটনার পরপরই বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে চিৎকার ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং বাসের জানালা ও দরজা দিয়ে আটকে পড়া আহত যাত্রীদের উদ্ধার করতে শুরু করেন।

 

স্থানীয়রা জানান, দুর্ঘটনায় বাসের একাধিক যাত্রী কমবেশি আহত হয়েছেন। পরে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।