দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান
আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে প্রতিবাদী সমাবেশ
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আমিনপুর এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ অপসারণ, পরিবেশ দূষণ রোধ এবং এলাকাবাসীর ভোগান্তি নিরসনের দাবিতে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) বিকেল ৩টায় আমিনপুর ময়লা ডাম্পিং স্পট সংলগ্ন এলাকায় ভুক্তভোগী এলাকাবাসীর উদ্যোগে এবং ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বানে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, মাহফুজুর রহমান পুষ্প, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী, যুবদল নেতা শাহিনুর রহমান, এবিএম মুসা আহমেদ, তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম এবং ইসলামী শ্রমিক আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সেক্রেটারি আহসান আল মোহাব্বত। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আবাসিক এলাকার পাশে ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। দুর্গন্ধে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন।
তারা আরও বলেন, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার স্বার্থে দ্রুততম সময়ের মধ্যে আমিনপুর এলাকার ময়লার স্তূপ অপসারণ এবং এ সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। অন্যথায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রতিবাদী সমাবেশে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ব্রাহ্মণবাড়িয়ার সচেতন নাগরিক, সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

