পরিবেশ রক্ষায় সচেতনতামূলক কার্যক্রম
গ্রীন অ্যান্ড ক্লিন ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে লোকনাথ দিঘীর পাড়ে পরিচ্ছন্নতা অভিযান
শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখার প্রত্যয়ে গ্রীন অ্যান্ড ক্লিন ব্রাহ্মণবাড়িয়া-এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শুক্রবার (২২ মে ২০২৬) শহরের ঐতিহ্যবাহী ও জনাকীর্ণ লোকনাথ দিঘী-এর ট্যাংকের পাড় এলাকার একাংশে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। সংগঠনের একঝাঁক স্বেচ্ছাসেবী ও তরুণ সদস্য এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সকাল থেকেই সংগঠনের পরিচ্ছন্নতা কর্মীরা নির্দিষ্ট এলাকায় অবস্থান নিয়ে প্লাস্টিক বর্জ্য, চিপসের প্যাকেট, পলিথিন, একবার ব্যবহারযোগ্য কাপসহ বিভিন্ন ধরনের আবর্জনা সংগ্রহ করেন। পরে সংগৃহীত বর্জ্য নির্ধারিত ডাস্টবিনে ফেলার ব্যবস্থা করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এ কর্মসূচির মূল উদ্দেশ্য শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতা নয়, বরং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। লোকনাথ দিঘীর চারপাশকে দূষণমুক্ত ও সুন্দর রাখতে সবাইকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান জানানো হয়।
সংগঠনের বক্তব্যে বলা হয়, “শহরকে সবুজ ও পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার। লোকনাথ দিঘীর পাড় আমাদের শহরের একটি গুরুত্বপূর্ণ মিলনস্থল। এটি পরিচ্ছন্ন রাখা নাগরিক দায়িত্বের অংশ। ‘গ্রীন অ্যান্ড ক্লিন ব্রাহ্মণবাড়িয়া’ ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখবে।”
স্থানীয় পথচারী ও ব্যবসায়ীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তরুণদের এমন উদ্যোগ দেখে শহরের অন্য নাগরিকরাও পরিবেশ সচেতন হয়ে উঠবেন।

