তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ফটিকছড়িতে মাদকবিরোধী র‍্যালি

নওশেদুল আলম, চট্টগ্রাম (ফটিকছড়ি) প্রতিনিধি : প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১০:০৮ অপরাহ্ণ
আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ফটিকছড়িতে মাদকবিরোধী র‍্যালি
৪১

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ‘চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এবং ‘তারুণ্যের অঙ্গীকার, মাদকমুক্ত সমাজ গড়ার’ স্লোগানকে সামনে রেখে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার বিকেল সাড়ে ৩টায় উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আদর্শ বাজার এলাকায় অবস্থিত আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। পরে র‍্যালিটি আদর্শ বাজার প্রদক্ষিণ করে বিকেল ৪টার দিকে বিবিরহাট রোডে গিয়ে শেষ হয়।

 

আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন চৌধুরীর প্রধান অতিথিত্বে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান ও এসআই মনিরুজ্জামান।

 

এ সময় উপস্থিত ছিলেন সুন্দরপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক জায়েদ হাসান, ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাদক যুবসমাজ ও দেশের ভবিষ্যতের জন্য একটি বড় হুমকি। মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

বক্তারা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা জানিয়ে বলেন, তরুণ সমাজকে মাদকের ছায়া থেকে দূরে রাখতে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা।