তথ্যপ্রবাহ ও উচ্চশিক্ষার উন্নয়নে গুরুত্বারোপ
নোবিপ্রবিতে সাংবাদিকদের সঙ্গে উপাচার্যের মত বিনিময় সভা
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী জেলা ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
সভায় নোয়াখালীর বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম, শিক্ষার্থীদের কল্যাণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন, চলমান উন্নয়ন প্রকল্প এবং আগামীর কর্মপরিকল্পনার নানা দিক তুলে ধরেন।
এ সময় সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে তাদের প্রশ্ন, পর্যবেক্ষণ ও মতামত উপস্থাপন করেন। উপাচার্য সেসব বিষয়ে বিস্তারিত জবাব দেন এবং গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা ও পরামর্শকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে উল্লেখ করেন।
সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতকরণ এবং উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

