বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
৭ নভেম্বর সাধারণ ছুটি, পোশাক কারখানা বন্ধ রাখার অনুরোধ বিজিএমইএরদুর্গম পাহাড়ে ক্যান্সার রোগীকে নতুন জীবন দিল বাংলাদেশ সেনাবাহিনী ২৬ ইসিবি,চিকিৎসা শেষে ফিরলেন সুস্থ জীবনেবাঘাইহাট জোনের সহযোগিতায় বিদ্যালয় নির্মাণ ও শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ-ড্রেস বিতরণরুমার দুর্গম জনপদে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সেনাবাহিনীর মানবিক উদ্যোগদুর্গাপুরে “নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)” এর উদ্বোধন করলেন – এমপি নজরুলগাজীপুরে শিশু ধ/র্ষ/ণের দায়ে শিক্ষকের সশ্রম যাবজ্জীবন-অর্থদণ্ড৩৫ বৎসরের অভ্যাস এখন ভালোলাগা আর ভালোবাসার সঙ্গীগাজীপুরে কার্তিক হ/ত্যা: ময়মনসিংহ থেকে দুই আসামি গ্রেপ্তার, উদ্ধার হ/ত্যায় ব্যবহৃত চাকুফ্যাসিস্ট শক্তি আন্দোলনের নামে পুলিশের ওপর হামলা করছে- পুলিশ কমিশনারগাজীপুরে আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকেরগাজীপুরে স্বাভাবিক হচ্ছে শিল্পাঞ্চল, কাজে ফিরছেন শ্রমিকরাগাজীপুরে ঝুটের গুদামে আগুন, ৪৫ মিনিটে নিয়ন্ত্রণেবাঘাইছড়িতে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেয়ালিকা ও মাল্টিমিডিয়া ল্যাব উদ্বোধনগাজীপুরে শ্রমিক আন্দোলন বোর্ডবাজারে শান্তি, অন্যত্র ধাওয়া-পাল্টা ধাওয়া ও টিয়ারশেলকসবায় বসতবাড়িতে অভিযান, ২৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

দুর্গাপুরে “নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)” এর উদ্বোধন করলেন – এমপি নজরুল

আলামিন হক বিজয়, রাজশাহী ব্যুরো প্রধানঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১০:০৪ অপরাহ্ণ
দুর্গাপুরে “নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)” এর উদ্বোধন করলেন – এমপি নজরুল
২৬

রাজশাহী দুর্গাপুরে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই স্লোগান সামনে রেখে উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’।

দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উম্মে হাবিবা ফারজানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, দুর্গাপুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম, সংসদ সদস্য, পুঠিয়া-দুর্গাপুর, রাজশাহী-৫।

১৯৬৬ সালে পাকিস্তান টেলিভিশনে প্রথম ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা চালু হয়। প্রখ্যাত সংস্কৃতজন মোস্তফা মনোয়ারের মূল পরিকল্পনা ও প্রযোজনায় (কলিম শরাফী এবং আবদুল্লাহ আল মামের সহযোগিতায়) এটি প্রথম শুরু হয়, পরবর্তীতে স্বাধীনতার পর ১৯৭৬ সালে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) নতুনভাবে ‘নতুন কুঁড়ি’ প্রতিভা অন্বেষণ যাত্রা শুরু করে। যা পরবর্তীকালে দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন রূপ দিয়ে ২০২৬ সালে বিএনপি সরকার পুনরায় চালু করে ।

‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয় ২ মে, ২০২৬ তারিখে সিলেট জেলা স্টেডিয়ামে এবং ৫ নভেম্বর, ২০২৬ তারিখে খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রথম আসরের সফলতার পর এবারের সিজনে ব্যাপক সাড়া পড়েছে এবং দ্বিতীয় আসরে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে মোট ১৬ লাখ ২৩ হাজার প্রতিযোগী নিবন্ধন করেছেন, যার মধ্যে ৯ লাখ ৪৪,৮৩৩ জন কিশোর এবং ৬ লাখ ৮৯,১৩৫ জন কিশোরী। সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে চট্টগ্রাম জেলায় (১ লাখ ৮১,১৩২ জন)। এছাড়া প্রথম আসরের সেরা ৪০ জন প্রতিভাবান খেলোয়াড়কে আগামী জানুয়ারি মাসে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (BKSP) দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের জন্য ভর্তি করানো হবে।

উপজেলা পর্যায়ে ৫ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। ১০টি ইভেন্টে- ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার এবং নতুন যুক্ত হওয়া টেবিল টেনিস ও ভলিবল। ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা (দাবার জন্য ৮ থেকে ১৪ বছর) নির্ধারণ করা হয়েছে।

ব্যক্তিগত এক স্বাক্ষাৎকারে উম্মে হাবিবা ফারজানা বলেন,”খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের জন্য ডিসেম্বরের মধ্যে দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ের বিকেএসপিগুলো পূর্ণাঙ্গভাবে চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের খেলা শেষে আগামী মে-জুন মাসের মধ্যে ঢাকায় জাতীয় পর্যায়ের ফাইনাল আয়োজনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমরা চাইবো আমাদের উপজেলা থেকে জাতীয় পর্যায়ের বিভিন্ন ইভেন্টে খেলোয়াড়রা খেলবে। এই লক্ষ্যে আমি সরকারি ও ব্যক্তিগত ভাবে সার্বিক সহযোগিতা দিতে প্রস্তুত।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির অন্যতম সদস্য ও দুর্গাপুর পৌরসভার সাবেক ২ বারের মেয়র সাইদুর রহমান মন্টু, মোঃ আশরাফুল কবির বুলু, সাবেক সভাপতি, উপজেলা বিএনপি, কামরুজ্জামান আয়নাল, সাবেক চেয়ারম্যান ঝালুকা ইউপি ও আহ্বায়ক উপজেলা বিএনপি, গোলাম মুর্তজা, আহ্বায়ক, উপজেলা জিয়া পরিষদ, গোলাম সাকলায়েন, সাবেক চেয়ারম্যান, দেলুয়াবাড়ি ইউপি, আজাদ রেজাউল করিম রেজা, সাবেক চেয়ারম্যান, নওপাড়া ইউপি, রবিউল ইসলাম খান রবিন, সাবেক চেয়ারম্যান, পানানগর ইউপি, আব্দুল আজিজ মন্ডল, সাবেক সভাপতি, দুর্গাপুর পৌরসভা, মাইনুল ইসলাম, সভাপতি, দুর্গাপুর মহিলা কলেজ ও সদ্য সাবেক সদস্য সচিব, উপজেলা যুবদল, মেহেদী হাসান,আইসিটি কর্মকর্তা, রোকনুজ্জামান তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা(অ.দা.) সহ উপজেলার সরকারি বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ছাত্র-ছাত্রী ও ক্রীড়া ও সাংস্কৃতিমনা ব্যক্তিত্ব।

৭ নভেম্বর সাধারণ ছুটি, পোশাক কারখানা বন্ধ রাখার অনুরোধ বিজিএমইএর

সাভার আশুলিয়া প্রতিনিধিঃ মোঃ বাবুল হোসেন প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ
৭ নভেম্বর সাধারণ ছুটি, পোশাক কারখানা বন্ধ রাখার অনুরোধ বিজিএমইএর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর (শনিবার) দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে দেশের সব পোশাকশিল্প কারখানায় ওই দিন ছুটি প্রদানের জন্য সংশ্লিষ্ট কারখানা মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিজিএমইএর মহাসচিব মেজর জেনারেল (অব.) মো. সাহেদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিএমইএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ পরিপ্রেক্ষিতে বিজিএমইএর সদস্যভুক্ত সব পোশাকশিল্প কারখানায় ছুটি ঘোষণা করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, জনপ্রশাসন মন্ত্রণালয় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রণালয়ের ৭ অক্টোবর ২০২৬ তারিখের প্রজ্ঞাপনে এ ছুটির বিষয়টি উল্লেখ করা হয়েছে।

সরকারের এ সিদ্ধান্তের ফলে আগামী শনিবার দেশব্যাপী সরকারি সাধারণ ছুটি পালিত হবে। পাশাপাশি বিজিএমইএর অনুরোধের পরিপ্রেক্ষিতে পোশাকশিল্প কারখানাগুলোতেও ছুটি কার্যকরের বিষয়টি সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়িত হবে।

এদিকে, বিজিএমইএর বিজ্ঞপ্তি প্রকাশের পর পোশাকশিল্পের শ্রমিক-কর্মচারীদের মধ্যে শনিবারের ছুটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কারখানার শ্রমিকদের ছুটির বিষয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

দুর্গম পাহাড়ে ক্যান্সার রোগীকে নতুন জীবন দিল বাংলাদেশ সেনাবাহিনী ২৬ ইসিবি,চিকিৎসা শেষে ফিরলেন সুস্থ জীবনে

মোঃ সুমন খান রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
দুর্গম পাহাড়ে ক্যান্সার রোগীকে নতুন জীবন দিল বাংলাদেশ সেনাবাহিনী ২৬ ইসিবি,চিকিৎসা শেষে ফিরলেন সুস্থ জীবনে

দুর্গম পাহাড়ি অঞ্চলে সড়ক যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক সহায়তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (২৬ ইসিবি)। অর্থাভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়া ক্যান্সার আক্রান্ত এক পাহাড়ি ব্যক্তির পাশে দাঁড়িয়ে তাকে ফিরিয়ে দিয়েছে সুস্থ ও স্বাভাবিক জীবনে বেঁচে থাকার স্বপ্ন।

ঘটনাটি রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার দুর্গম থুমপাড়া এলাকার। ওই এলাকার বাসিন্দা অমরধন চাকমা দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন। পরিবারের সামর্থ্য অনুযায়ী কিছুদিন চিকিৎসা চালিয়ে গেলেও একপর্যায়ে অর্থের অভাবে বন্ধ হয়ে যায় তার চিকিৎসা। প্রিয়জনের চিকিৎসা করাতে না পেরে দিশেহারা হয়ে পড়েন পরিবারের সদস্যরা। স্বজনদের কান্না ও অসহায়ত্ব ছড়িয়ে পড়ে প্রতিবেশীদের মাঝেও।

একপর্যায়ে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি পৌঁছে যায় বাংলাদেশ সেনাবাহিনীর ২৬ ইসিবির কাছে। খবর পেয়ে মানবিক দায়িত্ববোধ থেকে দ্রুত অসুস্থ অমরধন চাকমার খোঁজখবর নিতে এগিয়ে আসে সেনাবাহিনী। সরেজমিনে তার শারীরিক অবস্থা ও পরিবারের আর্থিক অসচ্ছলতার বিষয়টি জানার পর ২৬ ইসিবির অধিনায়ক তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য অমরধন চাকমাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ পাঠানোর ব্যবস্থা করা হয়। শুধু চিকিৎসার ব্যবস্থাই নয়, তার জটিল ও ব্যয়বহুল চিকিৎসার যাবতীয় ব্যয়ভারও বহন করে ২৬ ইসিবি।

সেনাবাহিনীর সার্বিক সহযোগিতা, চিকিৎসা ও পরিচর্যায় অমরধন চাকমা বর্তমানে সুস্থ হয়ে উঠেছেন। দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে তিনি এখন পরিবারের সদস্যদের নিয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন। যে পরিবারটি একসময় প্রিয়জনকে হারানোর আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছিল, সেই পরিবারে ফিরে এসেছে স্বস্তি ও আনন্দ।

সেনাবাহিনীর এমন মানবিক সহযোগিতায় আবেগাপ্লুত অমরধন চাকমা ও তার স্ত্রী। তারা বলেন, “যখন বাঁচার আশা প্রায় ছেড়ে দিয়েছিলাম, তখন বাংলাদেশ সেনাবাহিনী আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তাদের সহযোগিতা না পেলে হয়তো আজকের এই দিনটি দেখা হতো না। এই ঋণ কখনো শোধ হওয়ার নয়।”

তারা বাংলাদেশ সেনাবাহিনী এবং ২৬ ইসিবির অধিনায়কসহ সংশ্লিষ্ট সকল সদস্যের প্রতি আজীবন কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দুর্গম পাহাড়ি জনপদে সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগ শুধু একজন অসুস্থ মানুষের জীবনেই আশার আলো জ্বালায়নি, বরং স্থানীয় মানুষের মধ্যেও সৃষ্টি করেছে আস্থা, ভালোবাসা ও সহমর্মিতার নতুন বন্ধন।

উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি মানুষের বিপদে পাশে দাঁড়ানোই যে প্রকৃত মানবিকতার পরিচয়, অমরধন চাকমার জীবনে ফিরে আসা সুস্থতা তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।

বাঘাইহাট জোনের সহযোগিতায় বিদ্যালয় নির্মাণ ও শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ-ড্রেস বিতরণ

কে এম দুলাল হোসেন, রাঙ্গামাটি বাঘাইছড়ি প্রতিনিধিঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
বাঘাইহাট জোনের সহযোগিতায় বিদ্যালয় নির্মাণ ও শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ-ড্রেস বিতরণ

পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ প্রদান এবং শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে মাসালং আর্মি ক্যাম্পের আওতাধীন শিলছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ এবং কজইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, শিলছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি বাঘাইহাট সেনা জোনের সার্বিক সহযোগিতায় নির্মিত হয়েছে। দুর্গম এ এলাকার কোমলমতি শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টি এবং বিদ্যালয়ে পাঠদানের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে বাঘাইহাট জোনের পক্ষ থেকে বিদ্যালয়টি নির্মাণে সহযোগিতা প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও উৎসাহব্যঞ্জক করতে এ শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

অদ্য বৃহস্পতিবার (০৫ নভেম্বর ২০২৬) তারিখে আয়োজিত এ কার্যক্রমে সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও স্কুল ড্রেস তুলে দেওয়া হয়। এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের শিক্ষা উপকরণের অভাব পূরণে ভূমিকা রাখার পাশাপাশি তাদের বিদ্যালয়মুখী হতে এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এ সময় সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়।

বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় বসবাসরত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষার প্রসার এবং জনকল্যাণ নিশ্চিত করতে সেনাবাহিনী বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে স্থানীয় জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।

×