প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

বাঘাইহাট জোনের সহযোগিতায় বিদ্যালয় নির্মাণ ও শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ-ড্রেস বিতরণ

কে এম দুলাল হোসেন, রাঙ্গামাটি বাঘাইছড়ি প্রতিনিধিঃ

পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ প্রদান এবং শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে মাসালং আর্মি ক্যাম্পের আওতাধীন শিলছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ এবং কজইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, শিলছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি বাঘাইহাট সেনা জোনের সার্বিক সহযোগিতায় নির্মিত হয়েছে। দুর্গম এ এলাকার কোমলমতি শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টি এবং বিদ্যালয়ে পাঠদানের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে বাঘাইহাট জোনের পক্ষ থেকে বিদ্যালয়টি নির্মাণে সহযোগিতা প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও উৎসাহব্যঞ্জক করতে এ শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

অদ্য বৃহস্পতিবার (০৫ নভেম্বর ২০২৬) তারিখে আয়োজিত এ কার্যক্রমে সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও স্কুল ড্রেস তুলে দেওয়া হয়। এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের শিক্ষা উপকরণের অভাব পূরণে ভূমিকা রাখার পাশাপাশি তাদের বিদ্যালয়মুখী হতে এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এ সময় সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়।

বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় বসবাসরত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষার প্রসার এবং জনকল্যাণ নিশ্চিত করতে সেনাবাহিনী বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে স্থানীয় জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন