প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

৭ নভেম্বর সাধারণ ছুটি, পোশাক কারখানা বন্ধ রাখার অনুরোধ বিজিএমইএর

সাভার আশুলিয়া প্রতিনিধিঃ মোঃ বাবুল হোসেন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর (শনিবার) দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে দেশের সব পোশাকশিল্প কারখানায় ওই দিন ছুটি প্রদানের জন্য সংশ্লিষ্ট কারখানা মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিজিএমইএর মহাসচিব মেজর জেনারেল (অব.) মো. সাহেদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিএমইএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ পরিপ্রেক্ষিতে বিজিএমইএর সদস্যভুক্ত সব পোশাকশিল্প কারখানায় ছুটি ঘোষণা করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, জনপ্রশাসন মন্ত্রণালয় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রণালয়ের ৭ অক্টোবর ২০২৬ তারিখের প্রজ্ঞাপনে এ ছুটির বিষয়টি উল্লেখ করা হয়েছে।

সরকারের এ সিদ্ধান্তের ফলে আগামী শনিবার দেশব্যাপী সরকারি সাধারণ ছুটি পালিত হবে। পাশাপাশি বিজিএমইএর অনুরোধের পরিপ্রেক্ষিতে পোশাকশিল্প কারখানাগুলোতেও ছুটি কার্যকরের বিষয়টি সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়িত হবে।

এদিকে, বিজিএমইএর বিজ্ঞপ্তি প্রকাশের পর পোশাকশিল্পের শ্রমিক-কর্মচারীদের মধ্যে শনিবারের ছুটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কারখানার শ্রমিকদের ছুটির বিষয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন