বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
কসবায় বসতবাড়িতে অভিযান, ২৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিসে একযোগে ৫৬ জনের বদলি: বহাল সিন্ডি/কেট চক্রধুনটে ৭ নভেম্বরের গণজমায়েত সফল করতে মাঠে বিএনপি নেতারাসিংগাইরে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ডরাজধানীর উত্তরখানে ভূমি সেবা নিতে এসে ভোগান্তি, ৪৫ হাজার টাকা দাবির অভিযোগভালুকায় স্কুলের নির্মাণসামগ্রী বিক্রির টাকায় প্রমোদভ্রমণ!ভালুকায় সাত বছরের শিশু ছাত্রীকে ধ/র্ষ/ণ চেষ্টায় আটক ১আশুলিয়া ধামসোনার ইউপি সচিব মাসুদ করিম বদলি: দুর্নীতি ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে সাত কার্যদিবসে তদন্ত শেষরাঙ্গামাটির বাঘাইছড়ি সাজেকে দুই পক্ষের পাল্টাপাল্টি অবরোধ চলছেসরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারে লামায় নারী সমাবেশ, ডেঙ্গু প্রতিরোধে ভিডিওচিত্র প্রদর্শনী।মোহনপুর থানার নবাগত ওসির দায়িত্ব গ্রহণ: “মাদক নির্মূল ও হয়রানিমুক্ত পুলিশিং আমাদের অঙ্গীকার”ধুনটে ব্যক্তিগত উদ্যোগে বেহাল সড়ক সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী দুলালগাজীপুরে এনসিপির আয়োজিত গায়েবানা জানাজায় ধাওয়া দিলো পুলিশসাটুরিয়ার দিঘলীয়ায় রাস্তা নির্মানে অনিয়মের অভিযোগ !একটু বৃষ্টি হলেই জমে হাটু পানি !ধুনটে পৃথক বিস্ফোরক মামলায় আ.লীগ ও যুবলীগ নেতা গ্রেফতার

সেন্টমার্টিন গমনের ঘোষণা আজ দিলেও, বাস্তবে চালু হলো না জাহাজ চলাচল

মোঃ রমজান আলী,স্টাফ রিপোর্টার প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ
সেন্টমার্টিন গমনের ঘোষণা আজ দিলেও, বাস্তবে চালু হলো না জাহাজ চলাচল
২২

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রবিবার (১ নভেম্বর) থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হওয়ার কথা সেন্টমার্টিন দ্বীপ। তবে পর্যটন মৌসুমের প্রথম দিনেও দ্বীপের উদ্দেশে ছেড়ে যায়নি কোনও পর্যটকবাহী জাহাজ। প্রয়োজনীয় অনুমোদন ও প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় জাহাজ চলাচল শুরু করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, আগামী ৫ বা ৬ নভেম্বর থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হতে পারে।

সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে পর্যটন মৌসুম শুরু হওয়ার কথা ছিল। তবে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি কার্যক্রম শেষ না হওয়ায় জাহাজ চলাচল কয়েক দিন পিছিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা, সব আনুষ্ঠানিকতা শেষ হলে আগামী সপ্তাহের শুরুতেই পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের গত ২৫ অক্টোবর অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, চলতি মৌসুমে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ পাবেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপে যেতে পারবেন। প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে।

পর্যটন মৌসুম শুরুর প্রাক্কালে সেন্টমার্টিন দ্বীপজুড়ে চলছে প্রস্তুতি। হোটেল, রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁয় সংস্কার, রং করা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নতুন সাজসজ্জার কাজ প্রায় শেষ পর্যায়ে। দীর্ঘদিন পর্যটক সংকটে আর্থিক ক্ষতির মুখে পড়া ব্যবসায়ীরা নতুন মৌসুম ঘিরে আশাবাদী।

অন্যদিকে, পর্যটক পরিবহনের জন্য সেন্টমার্টিন জেটি ও কক্সবাজারের নুনিয়ারছড়া জেটিঘাট প্রস্তুত করার কাজ চলছে। জাহাজ মালিকদের সংগঠন বলছে, সেন্টমার্টিন জেটি পর্যটকবাহী জাহাজ গ্রহণের জন্য প্রস্তুত থাকলেও নুনিয়ারছড়া জেটিঘাটে যাত্রী ওঠানামার জন্য প্রয়োজনীয় সিঁড়ির সংখ্যা এখনও পর্যাপ্ত নয়।

সেন্টমার্টিন নৌপথে চলাচলকারী পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, সেন্টমার্টিন জেটির প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে নুনিয়ারছড়া জেটিঘাটে যাত্রীদের নিরাপদে ওঠানামা নিশ্চিত করতে আরও একটি সিঁড়ি স্থাপন করা জরুরি।

তিনি জানান, পরিবেশ অধিদফতরের অনুমোদন পাওয়ার পর বিআইডব্লিউটিএর নির্দেশনা ও শর্ত পূরণের ভিত্তিতে এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বার আউলিয়া ও এমভি টেকনাফ এই তিনটি পর্যটকবাহী জাহাজকে কক্সবাজারের নুনিয়ারছড়া থেকে সেন্টমার্টিন নৌপথে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে অন্য জাহাজগুলোর অনুমোদন প্রক্রিয়া এখনও চলমান।

কক্সবাজার নদীবন্দরের ভারপ্রাপ্ত উপপরিচালক নয়ন শীল বলেন, নুনিয়ারছড়া জেটিঘাটের অবকাঠামোগত কাজ প্রায় শেষ। সামান্য কিছু কাজ বাকি রয়েছে, যা এক-দুই দিনের মধ্যে সম্পন্ন হবে। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু করা সম্ভব হবে।

এদিকে পর্যটকদের আগমন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন ব্যবসায়ীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। দীর্ঘদিন পর্যটক চলাচলে সীমাবদ্ধতা এবং রাতযাপনে বিধিনিষেধ থাকায় অনেক ব্যবসায়ী বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। নতুন মৌসুমে সেই ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে ওঠার আশা করছেন তারা।

সেন্টমার্টিনের একটি রিসোর্টের মালিক মোহাম্মদ তৈয়ব উল্লাহ বলেন, দীর্ঘদিন ব্যবসা প্রায় বন্ধ থাকায় প্রতিষ্ঠান পরিচালনা করাই কঠিন হয়ে পড়েছিল। এখন পর্যটক আসার খবর তাদের জন্য নতুন আশার বার্তা হয়ে এসেছে।

স্থানীয় ব্যবসায়ী আলমগীর আকাশ বলেন, সেন্টমার্টিনের ব্যবসা মূলত দুই থেকে তিন মাসের মৌসুমনির্ভর। এই সময়ের আয়ের ওপরই পুরো বছরের জীবিকা নির্ভর করে। তাই কোনও কারণে পর্যটন কার্যক্রম ব্যাহত হলে স্থানীয় মানুষের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

টেকনাফ উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যটন মৌসুম শুরুর আগে হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁ সংস্কারের জন্য তিন শতাধিক আবেদন জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে অনুমতি দেওয়া হচ্ছে। বর্তমানে দ্বীপে ছোট-বড় মিলিয়ে দুই শতাধিক আবাসিক হোটেল ও পর্যটনসেবা প্রতিষ্ঠান রয়েছে। তবে প্রস্তুতির মধ্যেও জাহাজ ভেড়ানোর পন্টুনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ব্যবহারের কারণে পন্টুনের বিভিন্ন স্থানে মরিচা ধরে ক্ষয় সৃষ্টি হয়েছে। পর্যটক চলাচল শুরুর আগে প্রয়োজনীয় সংস্কার না হলে যাত্রী ওঠানামার সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

স্থানীয় বাসিন্দা শাকের আলম বলেন, জেটির মূল কাঠামো প্রস্তুত থাকলেও পন্টুনের অবস্থা সন্তোষজনক নয়। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে দ্রুত এটি মেরামতের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সেন্টমার্টিন হোটেল মালিক-ব্যবসায়ী সমিতির দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি আব্দুর রহমান বলেন, পর্যটকদের আগমন শুরু হলে দ্বীপের ব্যবসা-বাণিজ্যে আবারও গতি ফিরবে। এতে পর্যটননির্ভর হাজারো মানুষের জীবিকায় ইতিবাচক প্রভাব পড়বে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, দ্বীপের অধিকাংশ হোটেল ও রেস্তোরাঁর সংস্কারকাজ শেষ পর্যায়ে। তবে পর্যটকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে জেটির পন্টুন দ্রুত মেরামত করা প্রয়োজন।

কক্সবাজার জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইফুদ্দিন জানান, প্রায় সাত কোটি টাকা ব্যয়ে জেটির উন্নয়নকাজ চলছে। কিছু কাজ এখনও বাকি থাকলেও জাহাজ চলাচল শুরুর আগেই প্ল্যাটফর্মসহ প্রয়োজনীয় অংশ ব্যবহারের উপযোগী করে তোলার চেষ্টা চলছে। পাশাপাশি নির্মাণকাজ নিয়ে ওঠা অভিযোগও খতিয়ে দেখা হবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী বলেন, পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবারের পর্যটন মৌসুম পরিচালনা করা হবে। হোটেল-রিসোর্ট সংস্কারের আবেদন যাচাই করে অনুমতি দেওয়া হচ্ছে। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে।

কসবায় বসতবাড়িতে অভিযান, ২৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন উপজেলা প্রতিনিধি আখাউড়া প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ
কসবায় বসতবাড়িতে অভিযান, ২৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বসতবাড়িতে অভিযান চালিয়ে ২৯ কেজি গাঁজাসহ জামাল মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ১০ নম্বর বায়েক ইউনিয়নের ছোট বায়েক মধ্যপাড়া এলাকায় তাঁর নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় জামাল মিয়ার কাছ থেকে ২৯ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, গ্রেপ্তার জামাল মিয়া ছোট বায়েক মধ্যপাড়া এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিসে একযোগে ৫৬ জনের বদলি: বহাল সিন্ডি/কেট চক্র

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিসে একযোগে ৫৬ জনের বদলি: বহাল সিন্ডি/কেট চক্র

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে একযোগে ৫৬ জন চতুর্থ শ্রেণির কর্মচারীকে বদলি করা হয়েছে। এ ঘটনায় প্রশাসনের অভ্যন্তরে ব্যাপক আলোচনা-সমালোচনা ও অসন্তোষ দেখা দিয়েছে। এই বদলিকে কেন্দ্র করে সাধারণ কর্মচারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা কাউছার আহমেদ ও জেলা নাজির আরিফুর রহমানের কথিত প্রভাববলয় বা ‘কাউছার-আরিফ সিন্ডিকেটের’ বাইরে থাকা কর্মচারীদেরই মূলত বদলির মুখে পড়তে হয়েছে। অন্যদিকে, তাঁদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজন কর্মচারী আগের কর্মস্থলেই বহাল রয়েছেন।

সোমবার (২ নভেম্বর) জেলা প্রশাসনের নেজারত শাখা থেকে জারি করা আদেশে দপ্তরি, অফিস সহায়ক ও প্রসেস সার্ভার পদে কর্মরত মোট ৫৬ জনকে একযোগে বদলি করা হয়। বদলির তালিকায় রয়েছেন ৬ জন দপ্তরি, ২৬ জন অফিস সহায়ক এবং ২৪ জন প্রসেস সার্ভার। আগামী ৮ নভেম্বর পূর্বাহ্ণে বদলিকৃত কর্মস্থলে তাঁদের যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

একই দিনে এত বিপুলসংখ্যক কর্মচারীর বদলির ঘটনায় প্রশ্ন উঠেছে কী কারণে এবং কোন প্রশাসনিক বিবেচনায় এই গণবদলির সিদ্ধান্ত নেওয়া হলো। বদলির ক্ষেত্রে সবার জন্য সমান নীতি অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়েও দেখা দিয়েছে বদলি হওয়া কর্মচারীদের মধ্যে অসন্তোষ।

কর্মচারীদের একাংশের অভিযোগ, প্রশাসনিক কর্মকর্তা কাউছার আহমেদ ও জেলা নাজির আরিফুর রহমানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন কয়েকজন কর্মচারীকে কৌশলে আগের কর্মস্থলে বহাল রাখা হয়েছে। এমনকি তাঁদের অন্যত্র বদলি দেখানো হলেও বাস্তবে আগের জায়গায় কাজ করার সুযোগ রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে যাঁদের নাম উঠে এসেছে, তাঁদের মধ্যে রয়েছেন দপ্তরি হেলিম মৃধা, সুশান্ত রায়। অফিস সহায়ক পুলক চন্দ্র রায়, সুহেল আহমেদ ও সেন্টু লাল দাস এবং প্রসেস সার্ভার ইসমাইল মিয়া, মো. নজরুল ইসলাম, নোয়াব মিয়া, মানিক মিয়া, রফিকুল ইসলাম, রতন মিয়া, হাবিবুর রহমান ও আলী আক্কাসসহ আরও অনেকেই।

নাম প্রকাশ না করার শর্তে জেলা প্রশাসক কার্যালয়ের একজন কর্মচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের অফিস চলে এখন কাউছার-আরিফের কথায়। তাঁদের কথায় স্যাররা রাতকে দিন, দিনকে রাত করেন। সাধারণ কর্মচারীদের দুঃখ-দুর্দশা বোঝার যেন কেউ নেই। কারও সঙ্গে সু-সম্পর্ক থাকলে তাঁর জন্য এক নিয়ম, আর সাধারণ কর্মচারীদের জন্য আরেক নিয়ম। এই পরিস্থিতিতে আমরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।
ওই কর্মচারীর অভিযোগ, বদলি নিয়ে এক ধরনের প্রভাব বিস্তার ও বাণিজ্যের পরিবেশ তৈরি হয়েছে।

কর্মচারীদের একাংশের প্রশ্ন, প্রশাসনিক কর্মকর্তা কাউছার আহমেদ প্রায় ২১ বছর ধরে একই জেলায় এবং জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত রয়েছেন। অন্যদিকে জেলা নাজির আরিফুর রহমান আরিফের কর্মকালও প্রায় ৭-৮ বছর বলে জানা গেছে।

দীর্ঘদিন একই কার্যালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার কারণে তাঁদের প্রভাববলয় তৈরি হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলছেন কর্মচারীদের কেউ কেউ। তাঁদের দাবি, প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে দীর্ঘদিন একই কর্মস্থলে দায়িত্ব পালনের বিষয়টিও পর্যালোচনা করা প্রয়োজন।

প্রশাসনিক কর্মকর্তা কাউছার আহমেদের বিরুদ্ধে জনপ্রশাসন মন্ত্রণালয়, চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় ও দুর্নীতি দমন কমিশনে একাধিক অভিযোগ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট সূত্র। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমেও তাঁকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে জেলা নাজির আরিফুর রহমানের বিরুদ্ধেও দীর্ঘদিন যাবৎ একই কার্যালয়ে কর্মরত থাকা এবং প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছেন কর্মচারীদের একটি বড় অংশ।

জেলা প্রশাসকের কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বদলি ও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং প্রশাসনিক নিয়মনীতি অনুসরণ করা অত্যন্ত জরুরি বলে মনে করছেন বদলির একাংশ। একই দিনে ৫৬ জন কর্মচারীর বদলি এবং কিছু কর্মচারীকে ঘিরে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠায় বিষয়টি খতিয়ে দেখার দাবি উঠেছে।

এ বিষয়ে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, বদলি একটি সাধারণ নিয়ম এবং এই নিয়মেই হয়েছে। দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠা ব্যক্তিদের বিষয়ে তিনি বলেন ধাপে ধাপে এদেরকেও বদলি করা হবে।

ধুনটে ৭ নভেম্বরের গণজমায়েত সফল করতে মাঠে বিএনপি নেতারা

গোবিন্দ রায়, ধুনট (বগুড়া) প্রতিনিধি: প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১০:৪৮ অপরাহ্ণ
ধুনটে ৭ নভেম্বরের গণজমায়েত সফল করতে মাঠে বিএনপি নেতারা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর বগুড়ার ধুনটে গণজমায়েত সফল করতে প্রস্তুতি জোরদার করেছে উপজেলা ও পৌর বিএনপি। এ উপলক্ষে আলোচনা সভা শেষে গণজমায়েতের নির্ধারিত স্থান কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর পরিদর্শন করেছেন দলটির নেতৃবৃন্দ।

বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ পরিদর্শন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন এবং জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মণ্ডল।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছু আহম্মেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ছানোয়ার হোসেন, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুনজিল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

×