ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বসতবাড়িতে অভিযান চালিয়ে ২৯ কেজি গাঁজাসহ জামাল মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ১০ নম্বর বায়েক ইউনিয়নের ছোট বায়েক মধ্যপাড়া এলাকায় তাঁর নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় জামাল মিয়ার কাছ থেকে ২৯ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, গ্রেপ্তার জামাল মিয়া ছোট বায়েক মধ্যপাড়া এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন উপজেলা প্রতিনিধি আখাউড়া