ভালুকায় স্কুলের নির্মাণসামগ্রী বিক্রির টাকায় প্রমোদভ্রমণ!

রাজু আহমেদ স্টাফ রিপোর্টার ​ভালুকা (ময়মনসিংহ) প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৯:১৩ অপরাহ্ণ
ভালুকায় স্কুলের নির্মাণসামগ্রী বিক্রির টাকায় প্রমোদভ্রমণ!
১১

ময়মনসিংহের ভালুকায় সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজের কয়েক লাখ টাকার অব্যবহৃত নির্মাণসামগ্রী নামমাত্র মূল্যে গোপনে বিক্রির অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে। পরিচালনা কমিটির সিদ্ধান্ত ও প্রকাশ্য নিলাম ছাড়াই এই মালামাল বিক্রি করে সেই অর্থেই শিক্ষকদের আনন্দভ্রমণের আয়োজন করা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ তুলেছেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি হবিরবাড়ী ইউনিয়নের ওই বিদ্যালয়ের নির্মাণকাজে বেঁচে যাওয়া প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা মূল্যের ইটের খোয়া ও রড মাত্র ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজাহিদুল ইসলাম মল্লিক নিজেই ক্রেতা সেজে এসব মালামাল কিনে নিজের বাড়িতে নিয়ে যান। নিয়মবহির্ভূতভাবে নামমাত্র দামে বিদ্যালয়ের সম্পদ বিক্রির এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​অভিযুক্ত সহকারী শিক্ষক মুজাহিদুল ইসলাম মল্লিক নিয়ম মেনেই মালামাল কেনার দাবি করলেও কোনো দরপত্র বা ডাকের প্রমাণপত্র দেখাতে পারেননি। ​বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম মানিক বিধি মোতাবেক মালামাল বিক্রির দাবি করলেও পরিচালনা কমিটির অনুমোদন বা এসংক্রান্ত কোনো সদুত্তর দেননি।

​এ বিষয়ে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেন জানান, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।