গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মধ্যে পোশাক কারখানার ঝুটের গুদামে আগুন

মাল্টিমিডিয়া প্রতিনিধিঃ প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ
গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মধ্যে পোশাক কারখানার ঝুটের গুদামে আগুন
২৮

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড পোশাক কারখানার ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) দুপুরে শ্রমিক বিক্ষোভের মধ্যে এ আগুনের ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাওয়ার পথে যান চলাচল বন্ধ থাকায় বাধার মুখে পড়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাহারায় মহাসড়কের উল্টো পথে ঘটনাস্থলের দিকে রওনা দেয় ইউনিট দুটি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তারেকুল ইসলাম রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড পোশাক কারখানার ঝুটের গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়। তবে শ্রমিক বিক্ষোভের কারণে সকাল থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ফায়ার সার্ভিসের ইউনিট দুটি প্রথমে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পরে বিজিবির পাহারায় মহাসড়কের উল্টো পথে আবারও ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।