৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, মহাসড়কে ২ কিলোমিটার যানজট

মাল্টিমিডিয়া প্রতিনিধিঃ প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, মহাসড়কে ২ কিলোমিটার যানজট
২৪

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরের পর শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে সড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতির কারণে আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সড়কে নেমে আসেন। তাঁদের অন্যতম দাবি, মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করা। একপর্যায়ে আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকেরাও বিক্ষোভে যোগ দেন। এতে মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।

বিক্ষোভের মধ্যে বিকেল থেকে বিভিন্ন পোশাক কারখানায় ছুটি ঘোষণা করতে শুরু করে মালিকপক্ষ। কারখানা ছুটি হওয়ায় সেখানকার শ্রমিকেরাও বিক্ষোভে যোগ দেন। ফলে পরিস্থিতি আরও দীর্ঘায়িত হয়।

নাওজোড় পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল করিম বিকেল সাড়ে ৪টার দিকে জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় দুই কিলোমিটার যানজট রয়েছে। এ সময় শ্রমিকদের বিক্ষোভ চলছিল।

তিনি আরও জানান, বিকেলে বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হলে সেসব কারখানার শ্রমিকেরাও বিক্ষোভে অংশ নেন।