ধুনটে মোটরসাইকেল-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, কিশোরসহ গুরুতর আহত ২

গোবিন্দ রায়, ধুনট (বগুড়া) প্রতিনিধি: প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১০:০৯ অপরাহ্ণ
ধুনটে মোটরসাইকেল-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, কিশোরসহ গুরুতর আহত ২
২৮

বগুড়ার ধুনট পৌর এলাকার থানা রোডে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের বাচ্চুর ছেলে মো. সম্রাট (১৮) এবং এলাঙ্গী ইউনিয়নের পাকুড়িহাটা গ্রামের আব্দুল মান্নানের ছেলে ইমরান (১২)।

স্থানীয় সূত্রে জানা যায়, ইমরান বিকেল থেকেই বাইসাইকেল নিয়ে থানা রোডে ঘোরাফেরা করছিল। এ সময় স্থানীয় কয়েকজন তাকে বাড়িতে ফিরে যেতে বলেন এবং সড়কে চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কার কথাও জানান। তবে তাদের কথায় সে কর্ণপাত করেনি। সন্ধ্যায় অপর দিক থেকে মোটরসাইকেল নিয়ে গন্তব্যে যাওয়ার পথে সম্রাটের সঙ্গে ইমরানের বাইসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন আহতদের দ্রুত উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে ধুনট থানা-পুলিশও হাসপাতালে উপস্থিত হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য আহত দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।