টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

মোঃ নজরুল ইসলাম( গাজীপুর মহানগর) প্রতিনিধি: প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ
টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
৩২

গাজীপুর মহানগরের টঙ্গীতে মাইক্রোবাসের ধাক্কায় তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার এক ছাত্র আহত হওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ২টা থেকে মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী মহাসড়কের উভয় পাশে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। আহত আব্দুল্লাহ আল জাবের (১৭) মাদ্রাসাটির আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, মাদ্রাসা ছুটির পর দুপুর পৌনে একটার দিকে আব্দুল্লাহ আল জাবের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে গাজীপুরগামী দ্রুতগতির একটি মাইক্রোবাস আব্দুল্লাহ আল জাবিরকে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

শিক্ষার্থীরা বলেন, ইতোপূর্বেও আমাদের এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হন। পরে গাজীপুর-২ আসনের এমপিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এক সপ্তাহের মধ্যে মহাসড়কের ওপর একটি ফ্লাইওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আশ্বাসের পর দুই মাস পেরিয়ে গেলেও ফ্লাইওভার ব্রিজের কাজ হাতে নেওয়া হয়নি।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, মহাসড়ক থেকে বিক্ষোভরত শিক্ষার্থীদের বুঝিয়ে সরানোর হয়েছে,বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।