সিংগাইরে টায়ার পুড়িয়ে জ্বালানি উৎপাদন, লাখ টাকা জরিমানা
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগরে পরিবেশগত ছাড়পত্র ছাড়া টায়ার পুড়িয়ে জ্বালানি উৎপাদনের অভিযোগে বিএস রিসাইক্লিং নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে সিংগাইর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন কবির।
জানা গেছে, পরিবেশগত ছাড়পত্র ছাড়া টায়ার পুড়িয়ে জ্বালানি উৎপাদনের মাধ্যমে বায়ুদূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টির অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২-এর ৮(১) বিধি অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
পরিবেশদূষণ রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় উপজেলা প্রশাসনের এ অভিযান পরিচালিত হয়।



