আলীকদমের মাতামুহুরী নদীতে কল্পজাহাজ উৎসব, ভিড় করেন হাজারো দর্শনার্থী

আতিকুর রহমান উপজেলা উপজেলা প্রতিনিধি আলীকদম, বান্দরবান। প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:২৭ অপরাহ্ণ
আলীকদমের মাতামুহুরী নদীতে কল্পজাহাজ উৎসব, ভিড় করেন হাজারো দর্শনার্থী
৪১

বান্দরবানের আলীকদম উপজেলায় প্রবরণা পূর্ণিমা উপলক্ষে মাতামুহুরী নদীতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী কল্পজাহাজ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টায় আলীকদম বৌদ্ধবিহারের উদ্যোগে আয়োজিত এ উৎসবে হাজারো দর্শনার্থীর ভিড় জমে। উৎসবকে ঘিরে নদীতীরজুড়ে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।

প্রবরণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। ধর্মীয় ভাবগাম্ভীর্য, ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে প্রতিবছর এ উৎসব উদ্‌যাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এরই অংশ হিসেবে মাতামুহুরী নদীতে কল্পজাহাজ ভাসানোর আয়োজন স্থানীয় ধর্মীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।

উৎসব দেখতে নদীর তীরে জড়ো হন বিভিন্ন বয়সী নারী-পুরুষসহ নানা শ্রেণি-পেশার মানুষ। কল্পজাহাজ উৎসবকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

উৎসবে আসা দর্শনার্থীরা বলেন, প্রবরণা পূর্ণিমার এই পবিত্র আয়োজনের মধ্য দিয়ে যেন জগতের সকল দুঃখ-দুর্দশা দূর হয়ে যায়। পৃথিবীর প্রতিটি মানুষ যেন সুখে-শান্তিতে বসবাস করতে পারে এবং হিংসা-বিদ্বেষ ভুলে সবাই মিলেমিশে থাকতে পারে—এটাই আমাদের প্রত্যাশা।

তাঁরা আরও আশা প্রকাশ করেন, এ ধরনের ধর্মীয় আয়োজন মানুষের মধ্যে মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে।

আয়োজনটি আলীকদমের বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় তুলে ধরার পাশাপাশি পাহাড়ে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে ভূমিকা রাখছে।

প্রবরণা পূর্ণিমার শিক্ষা হোক অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠার, বিভেদ ভুলে সম্প্রীতির বন্ধন গড়ার এবং সকল প্রাণীর মঙ্গল কামনার—এমন প্রত্যাশা উৎসবে আসা দর্শনার্থীদের।