আজ বিজয় দশমীর মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের মহাউৎসব দুর্গাপূজার সমাপ্তি ঘটবে

মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন উপজেলা প্রতিনিধি আখাউড়া প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৩:০২ অপরাহ্ণ
আজ বিজয় দশমীর মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের মহাউৎসব দুর্গাপূজার সমাপ্তি ঘটবে
৪৫

আজ মহা দশমীর মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার সমাপ্তি ঘটবে। এই দিনটিকে ‘বিজয় দশমী’ও বলা হয়। মহা দশমীতে মূলত দেবী দুর্গার বিদায় ও মর্ত্যলোক ছেড়ে কৈলাশে ফিরে যাওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

আজ মহা দশমীতে সাধারণত দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জন: সকালে দেবীর ১০ম দিনের পূজা (বিহিত পূজা) সম্পন্ন করা হবে। এরপর আয়নার মাধ্যমে দেবীর রূপ দর্শন করে ‘দর্পণ বিসর্জন’ করা হয়, যা দেবীর আনুষ্ঠানিক বিদায়ের প্রতীক।

বিবাহিত নারীরা দেবীর কপালে সিন্দুর ছোঁয়াবেন এবং মিষ্টি মুখ করাবেন। এরপর তারা নিজেরা একে অপরকে সিন্দুর পরিয়ে আনন্দ উৎসবে মেতে ওঠবেন, যাকে ‘সিন্দুর খেলা’ বলা হয়। বিকেলে বা সন্ধ্যায় ঢাক-ঢোল ও বাদ্যবাজনা বাজিয়ে শোভাযাত্রাসহকারে দেবী প্রতিমাকে নদীতে বিসর্জন দেওয়া হবে।

বিসর্জন শেষে শুরু হবে বিজয়ার আনুষ্ঠানিকতা। ছোটরা বড়দের প্রণাম করে আশীর্বাদ নেবে এবং সমবয়সীরা কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় কবে। ঘরে ঘরে মিষ্টি ও নাড়ু খাইয়ে মুখ মিষ্টি করানো হবে।