পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং স্থানীয় পাহাড়ি-বাঙালি সম্প্রীতি আরও সুদৃঢ় করতে এক অনন্য উদ্যোগ নিয়েছে বাঘাইহাট সেনা জোন।
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজার এলাকায় আজ ১৯ অক্টোবর ২০২৬ তারিখ ১২৩০ ঘটিকায় পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাঘাইহাট জোনের উদ্যোগে স্থানীয় পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
উক্ত কার্যক্রমে বাঘাইহাট জোনের এ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট মোঃ জোবায়ের আল মাহমুদ উপস্থিত থেকে স্থানীয় জনগণের হাতে গাছের চারা তুলে দেন। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং বিতরণকৃত চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার জন্য সকলকে আহ্বান জানান।
গাছের চারা পেয়ে স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগণ বাঘাইহাট জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণের পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বৃদ্ধি ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় জনগণের কল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং পাহাড়ি-বাঙালি সম্প্রীতি বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


