ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন প্রত্যাশী : হাজী শামীম আজাদ

প্রতিনিধি মোঃমানিক মিয়া : প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৬:২৭ অপরাহ্ণ
ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন প্রত্যাশী : হাজী শামীম আজাদ
৪৪

সিলেট কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের আসন্ন স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন হাজী শামীম আজাদ। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার পাশাপাশি সামাজিক ও, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রমে ভূমিকা রাখার দাবি করে তিনি দলীয় মনোনয়ন এবং ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন। হাজী শামীম আজাদ উপজেলার দক্ষিণ রাজনগর গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মরহুম মতিউর রহমান, যিনি এলাকায় ‘কালার বাপ’ নামে পরিচিত ছিলেন। স্থানীয়ভাবে পরিচিত এই ব্যক্তি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক ১ম যুগ্ম সম্পাদক, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।
হাজি শামীম আজাদ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার চেষ্টা করেছেন বলে তাঁর সমর্থকেরা জানান। শিক্ষাক্ষেত্রেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। তিনি রাজনগর নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্বে প্রায় ১২ বছর ছিলেন বলে জানা গেছে।
এ ছাড়া বন্যার সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, সাধ্যমতো ত্রাণ বিতরণ এবং গ্রাম্য সালিশে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন তাঁর সমর্থকেরা। স্থানীয় পর্যায়ে সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং মানুষের সমস্যা সমাধানে কাজ করাকে তিনি গুরুত্বপূর্ণ বলে মনে করেন।
চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেলে এবং নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন শামীম আজাদ।
তাঁর পরিকল্পনার মধ্যে রয়েছে মাদক নির্মূলে কার্যকর উদ্যোগ, ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ ও উন্নয়ন, ধর্মীয় উপাসনালয়ের উন্নয়ন এবং তরুণদের খেলাধুলা ও শরীরচর্চার জন্য খেলার মাঠ প্রতিষ্ঠা। পাশাপাশি ইউনিয়নবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল নির্মাণের বিষয়টিকেও গুরুত্ব দিতে চান তিনি।
তাঁর ভাষ্য অনুযায়ী, এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও সামাজিক উন্নয়নের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হবে তাঁর অগ্রাধিকার।
হাজি শামীম আজাদ বলেন, “আমি দীর্ঘ প্রায় তিন যুগেরও বেশি সময় ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করে আসছি। দলের প্রতি আমার দীর্ঘদিনের ত্যাগ ও অবদান এবং এলাকার মানুষের সমর্থন বিবেচনায় দল যদি আমাকে ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়, তাহলে দলের সম্মান রক্ষা এবং ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করে যেতে চাই।
তিনি আরও বলেন, দলীয় মনোনয়ন পেয়ে জনগণের সমর্থনে নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়ন, জনকল্যাণ ও মানবসেবাকে প্রাধান্য দিয়ে কাজ করবেন। তাঁর প্রত্যাশা, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নকে একটি উন্নত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
হাজি শামীম আজাদের ভাষ্য, ব্যক্তিগত প্রত্যাশার চেয়ে মানুষের সেবা করাই তাঁর মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।