সিংগাইরে বিভিন্ন পূজা মণ্ডপে আনসার স্ট্রাইকিং ফোর্সের টহল, নিরাপত্তা জোরদার
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে টহল দিয়েছে আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স।
১৬ অক্টোবর জেলা কমান্ড্যান্ট আমিনুল ইসলাম, পিপিএম, পিভিএমের নির্দেশনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুশান্ত মোদকের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৫ থেকে ২২ অক্টোবর পর্যন্ত মানিকগঞ্জের সাতটি উপজেলায় পূজামণ্ডপগুলোতে টহল ও নিরাপত্তা কার্যক্রম চলবে। এ সময় গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে বিশেষ নজরদারি, নিয়মিত পরিদর্শন এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করা হবে।
টহলকালে বাহিনীর সদস্যরা পূজামণ্ডপ পরিদর্শন করে পূজারি ও পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন। তাঁরা মণ্ডপের প্রবেশপথ, আলোকসজ্জা, অগ্নিনিরাপত্তা, সিসিটিভি ব্যবস্থা এবং জরুরি বের হওয়ার পথ সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখা গেলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ দেওয়া হয়।
পূজা উদ্যাপন কমিটির সদস্যরা জানান, আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্সের নিয়মিত টহলে পূজারি ও দর্শনার্থীদের মধ্যে নিরাপত্তাবোধ বাড়ছে। তাঁরা শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপনে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
টহলকালে বাহিনীর সদস্যরা সবাইকে সতর্ক থাকার এবং জরুরি প্রয়োজনে আনসার-ভিডিপির কন্ট্রোল রুম বা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
জেলা কমান্ড্যান্ট আমিনুল ইসলাম বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এ টহল কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি পূজা কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান

