অনুমতি ব্যাতিত খাদ্য গুদাম পরিদর্শন ! দায়িত্ব হারালেন খাদ্যমন্ত্রীর এপিএস আব্দুল আওয়াল!
খাদ্যমন্ত্রী অগোচরে সরকারি সফরসূচি তৈরি করে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে দায়িত্ব হতে অব্যাহতি পেয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খান রিতার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. আব্দুল আওয়াল বুলবুল।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর টাঙ্গাইলের নাগরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও খাদ্য গুদাম পরিদর্শন করেন আব্দুল আওয়াল। এজন্য তিনি ৮ অক্টোবর রফিকুল ইসলামের সইয়ে একটি সরকারি সফরসূচির নোটিশ জারি করা হয়। এতে ঢাকার মোহাম্মদপুরে নিজের বাসা থেকে যাত্রা শুরু করে পরিদর্শন শেষে আবার বাসায় ফেরা পর্যন্ত কর্মসূচি উল্লেখ করা হয়।
সফরের যাবতীয় সহায়তার জন্য খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে নোটিশের অনুলিপি দেওয়া হয়। জ্বালানির ব্যবস্থা করতে অনুলিপি পাঠানো হয় খাদ্য অধিদপ্তরের পরিবহন পুলের পরিচালককেও। ওই সফরে কয়েকজন সরকারি কর্মকর্তাও গিয়েছিলেন বলে জানা গেছে।
মন্ত্রণালয় সূত্রের ভাষ্য, এপিএসের এই সফর সম্পর্কে খাদ্যমন্ত্রী কিছুই জানতেন না। বিষয়টি জানার পর তিনি বিরক্ত হন। সফরের পরদিন আব্দুল আওয়ালকে নিজের কক্ষে ডেকে অফিস থেকে চলে যেতে বলেন। এরপর তাকে মৌখিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
একই সঙ্গে এ সফরসূচি তৈরিতে সহায়তার অভিযোগে মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

