নাসিরনগরে সার ডিলার নিয়োগ নিয়ে এমপি এম এ হান্নান দৈনিক নববাণীকে দেওয়া বক্তব্য

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ
নাসিরনগরে সার ডিলার নিয়োগ নিয়ে এমপি এম এ হান্নান দৈনিক নববাণীকে দেওয়া বক্তব্য
৫৭

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। বিশেষ করে নাসিরনগর উপজেলায় সংসদ সদস্য এম এ হান্নানের ছেলে, বোনজামাই ও ভাগ্নের স্ত্রীর নামে তিনটি ডিলারশিপ বরাদ্দ পাওয়ার অভিযোগে স্থানীয় পর্যায়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে । এ ঘটনায় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, গোকর্ণ ইউনিয়নে এমপির ছেলে আদনান সাদী ‘মেসার্স আলীয়াহ ট্রেডার্স’, নাসিরনগর সদর ইউনিয়নে তাঁর বোনজামাই আরক মিয়া ‘মেসার্স আয়ান ট্রেডার্স’ এবং গোয়ালনগর ইউনিয়নে তাঁর ভাগ্নের স্ত্রী নুরুন্নাহার আক্তার স্বর্ণা ‘এস এস ট্রেডার্স’ নামে ডিলারশিপ পেয়েছেন।

এ বিষয়ে সংসদ সদস্য এম এ হান্নান বলেন, সার ডিলার নিয়োগ সরকারের স্বাভাবিক নিয়ম এবং বিধি মোতাবেকই হয়েছে। নিয়মবহির্ভূত কিছু হয়নি। টাকা বিনিয়োগ করে ব্যবসা করার স্বাধীনতা রাষ্ট্রের প্রতিটি নাগরিকের রয়েছে। তিনি আরও দাবি করেন, ফ্যাসিস্ট সরকারের কিছু দোসর বিষয়টি অতিরঞ্জিত করে অপপ্রচার চালাচ্ছে।

অন্যদিকে, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোস্তফা এমরান বলেন, উপজেলা থেকে পাঠানো নামগুলো সুপারিশ করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে দু-একটি ক্ষেত্রে পরিবর্তন হয়েছে। আর্থিক লেনদেনের বিষয়ে তিনি বলেন, নিজে এমন কোনো লেনদেন করেননি, অন্য কারও বিরুদ্ধে এমন অভিযোগও তাঁর জানা নেই।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার ১০৬টি সার ডিলারশিপের বিপরীতে আবেদন করেছিলেন ৮২৫ জন। যাচাই-বাছাই শেষে ২৯২ জনের নাম সুপারিশ করে কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির কাছে পাঠানো হয়।