আশুলিয়ায় শারমিন গ্রুপের কর্মকর্তা জামাল উদ্দিনের রহস্যজনক মৃ/ত্যু
ঢাকার সাভারের আশুলিয়ায় শারমিন গ্রুপের একটি কারখানার ছাদ থেকে পড়ে মোঃ জামাল উদ্দিন (৩৯) নামে এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে নরসিংহপুর এলাকায় অবস্থিত ওই কারখানায় এ ঘটনা ঘটে। তাঁর মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।
নিহত জামাল উদ্দিন শারমিন গ্রুপের মার্চেন্ডাইজিং বিভাগের সিনিয়র মার্চেন্ডাইজার (বিভাগ-৩) হিসেবে কর্মরত ছিলেন। প্রতিষ্ঠানে তাঁর কর্মচারী আইডি নম্বর ০০২২৭৮। তাঁর জন্ম ১ ফেব্রুয়ারি ১৯৮৭ সালে। তিনি ২০২৩ সালের ২ আগস্ট শারমিন গ্রুপে যোগদান করেন।
ঘটনার খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন ও তদন্ত করেন। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তবে জামাল উদ্দিন কীভাবে কারখানার ছাদ থেকে পড়ে যান, সেটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।
এদিকে, একজন কর্মকর্তার এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

