টঙ্গীতে খালে গোসল করতে নেমে প্রাণ গেল ভাই-বোনের

মোঃ নজরুল ইসলাম (গাজীপুর মহানগর) প্রতিনিধি:- প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৬:১৪ অপরাহ্ণ
টঙ্গীতে খালে গোসল করতে নেমে প্রাণ গেল ভাই-বোনের
৩২

গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন বাকরাল গ্রামসংলগ্ন তুরাগ নদীর খালে গোসল করতে নেমে ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

তারা হলো- পটুয়াখালীর দশমিনা উপজেলার গছানি গ্রামের মো:রাব্বি শেখ ও রাবেয়া দম্পতির সন্তান সুমাইয়া (৮) ও তার ছোট ভাই আব্দুল্লাহ (৬)। তারা টঙ্গী পশ্চিম থানার ৫২ নম্বর ওয়ার্ডের বাকরাল গ্রামের মাসুমের বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,রোববার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে সুমাইয়া ও আব্দুল্লাহ স্থানীয় আরেক শিশুর সঙ্গে বাকরাল গ্রামসংলগ্ন তুরাগ নদীর খালের জলাশয়ে গোসল করতে নামে। এ সময় পানির স্রোতে তিন শিশুই বিপদে পড়ে। তাদের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সুমাইয়া ও আব্দুল্লাহ পানিতে ডুবে যায়।

পরে তীরে উঠে আসা শিশুটি স্থানীয় লোকজন ও নিহতদের পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। একপর্যায়ে বিকেল আনুমানিক ৩টার দিকে দুই শিশুকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়েছে।

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ এখলাছ উদ্দিন ফরাজী রোববার সন্ধ্যা ছয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহত দুই শিশুর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

পরে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ দুটি টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, পরিবারের কোনো আপত্তি না থাকায় আইনি প্রক্রিয়া অনুসরণ করে ময়নাতদন্ত ছাড়াই নিহত দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।