সাটুরিয়ায় জমি ভোগদখল নিয়ে দ্বন্দ্ব ! লাঠির আঘাতে বড় ভাইয়ে মৃ/ত্যু !
মানিকগঞ্জের সাটুরিয়ায় শরীকি জমি সংক্রান্ত বিরোধের জেরে নুর হোসেন জইটা (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছোট ভাই ও দুই ভাতিজার বিরুদ্ধে। গতকাল শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার তিল্লি ইউনিয়নের পশ্চিম চর তিল্লি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নুর হোসেন জইটার সঙ্গে তার ছোট ভাই আবুল হোসেন এবং আবুলের দুই ছেলে সোহেল হোসেন ও রতন মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে বাঁশের লাঠি দিয়ে নুর হোসেন জইটাকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে তাঁর মাথার পেছনে গুরুতর আঘাত লাগে এবং তিনি অচেতন হয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তিল্লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম ধলা জানান, জমি নিয়ে ওই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও তা সমাধান সম্ভব হয়নি। শনিবার সকালে আবারও ঝগড়ার ঘটনা ঘটে বলে তিনি জানান।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, নিহতের মরদেহের ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা ও হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

