সিংগাইরে প্রিয় শিক্ষকদের সম্মাননা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬

কামরুল হাসান, সিংগাইর: প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ১:৪৯ অপরাহ্ণ
সিংগাইরে প্রিয় শিক্ষকদের সম্মাননা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬
৯৪

“শিক্ষকরা জাতি গড়ার কারিগর”—এই শ্রদ্ধা ও ভালোবাসাকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে জামির্তা সত্য গোবিন্দ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের সম্মাননা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রকিবুল হোসেন রাকিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্ত। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে মঈনুল ইসলাম খান শান্ত বলেন, “বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমি কাজ করব, যেমনটি আমার বাবা করে গিয়েছিলেন। শিক্ষকদের প্রতি আমার অনুরোধ, বিদ্যালয়ে যেন কোনো ধরনের রাজনৈতিক আচরণ বা প্রভাব না পড়ে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন।”
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের প্রিয় শিক্ষকদের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন। তাঁরা শিক্ষকদের অবদান, শাসন-স্নেহ এবং শিক্ষাজীবনের নানা স্মৃতি তুলে ধরেন। দীর্ঘদিন পর শিক্ষক-শিক্ষার্থীদের এমন মিলনমেলায় বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় আনন্দঘন ও আবেগময় পরিবেশ।
এ সময় অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন