গাজীপুরে ‘মেট্রিক্স স্টাইল’ পোশাক কারখানায় অগ্নিকাণ্ড: ছাদে আশ্রয় নিয়েছেন শ্রমিকরা, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবকরা
গাজীপুর মহানগরের গাছা থানাধীন ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় ‘মেট্রিক্স স্টাইল লিমিটেড’ নামের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ দুপুর ২টার দিকে সাত তলা ওই ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
কারখানার ভেতরে আগুন ও প্রচণ্ড ধোঁয়া ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে বহু শ্রমিক ভবনের ছাদে গিয়ে আশ্রয় নেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। পাশাপাশি ছাদে আটকে পড়া শ্রমিকদের নিরাপদে নিচে নামিয়ে আনার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানীর নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে মোতায়েন রয়েছেন।
এই দুর্যোগপূর্ণ মুহূর্তে উদ্ধারকাজে ফায়ার সার্ভিস ও পুলিশকে সহায়তা করতে এগিয়ে এসেছেন স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। তাঁরা স্বেচ্ছাসেবক হিসেবে আগুন নিয়ন্ত্রণ এবং ছাদে আটকে পড়া শ্রমিকদের নিরাপদে নামিয়ে আনার কাজে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।
তবে কারখানার আশপাশে হাজারো উৎসুক জনতার ভিড়ের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ, আগুন নিয়ন্ত্রণ এবং শ্রমিকদের উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং উদ্ধারকাজ নির্বিঘ্ন করতে পুলিশের পাশাপাশি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও বারবার মাইকিং করে উৎসুক জনতাকে ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার এবং আটকে পড়া সকল শ্রমিককে নিরাপদে উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং আগুন লাগার প্রাথমিক কারণও নিশ্চিত হওয়া যায়নি।










