টঙ্গীর তুরাগ নদে মাছ ধরতে গিয়ে ২ শিশু নিখোঁজ

মোঃ নজরুল ইসলাম (গাজীপুর মহানগর ) প্রতিনিধি:- প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ
টঙ্গীর তুরাগ নদে মাছ ধরতে গিয়ে ২ শিশু নিখোঁজ
৬৪

গাজীপুর মহানগরের টঙ্গীর তুরাগ নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ অপর শিশুটিকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১টার দিকে টঙ্গীর তুরাগ নদ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিশুটির নাম আবু ইউনুস (১০)। সে টঙ্গী বউবাজার এলাকার আলী কমিশনারের বাড়ির ভাড়াটিয়া শাহজাহান মিয়ার ছেলে। নিখোঁজ অপর শিশুর নাম নিরব (৯)। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গীর তুরাগ নদের বৌউ বাজার রেলওয়ে ব্রিজের নিচে মাছ ধরতে যায় ইউনুস ও নিরব। মাছ ধরার একপর্যায়ে নদের তীব্র স্রোতে ভেসে গিয়ে তারা দুজনেই নিখোঁজ হয়। ঘটনাটি জানার পরপরই স্থানীয়রা টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসে ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে আলোক স্বল্পতা ও প্রতিকূল আবহাওয়ার কারণে বুধবার রাত সাড়ে ৭টার দিকে প্রথম দিনের মতো উদ্ধার কাজ স্থগিত করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুনরায় উদ্ধার তৎপরতা চালায়। ডুবুরিদের টানা অভিযানের পর বেলা ১টার দিকে নিখোঁজ আবু ইউনুসের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম দৈনিক নববাণীকে বলেন, বুধবার বিকেলে শিশুদের নিখোঁজের খবর পাওয়ার পর থেকেই আমাদের টিম উদ্ধার কাজ শুরু করে। গত রাতে অন্ধকারের কারণে স্থগিত
করা হলে আজ সকাল থেকে ডুবুরি দল পুরোদমে কাজ শুরু করে বেলা ১টার দিকে শিশু আবু ইউনুসের মরদেহ উদ্ধার করে। নিখোঁজ অপর শিশু নিরবকে উদ্ধারে নদীতে ডুবুরি দলের অভিযান অব্যাহত আছে।

এদিকে শিশু ইউনুসের মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। নিখোঁজ অপর শিশু নিরবের পরিবারও নদের পাড়ে প্রিয় সন্তানের অপেক্ষায় দিন গুনছে।