বাঘাইছড়িতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময়

কে এম দুলাল হোসেন (রাঙ্গামাটি, বাঘাইছড়ি) প্রতিনিধি: প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ
বাঘাইছড়িতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময়
৮৫

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপুর সঙ্গে বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বাঘাইছড়ি উপজেলা পরিষদ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রম, উন্নয়ন কর্মকাণ্ড, জনসেবা এবং স্থানীয় পর্যায়ে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু বলেন, পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম, সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, জনস্বাস্থ্যসহ বিভিন্ন খাতের উন্নয়ন নিয়ে মতামত ও পরামর্শ প্রদান করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় বাঘাইছড়ির সার্বিক উন্নয়ন ও জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।