আলীকদমে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ১৪০ পরিবারকে রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা
বান্দরবানের আলীকদম উপজেলায় সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ১৪০টি পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বান্দরবান জেলা ইউনিট। দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে খাদ্য ও প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আলীকদম উপজেলা পরিষদ হলরুমে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ত্রাণ সহায়তার আওতায় প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সাত দিনের খাদ্য প্যাকেজের পাশাপাশি একটি করে ত্রিপল, তোয়ালে, মাদুর, মশারি ও ডিগনিটি কিট প্রদান করা হয়। দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি প্রয়োজন বিবেচনায় এসব সামগ্রী বিতরণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে আলীকদম উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, পাহাড়ধস ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি পরিবার ঘরবাড়ি ও প্রয়োজনীয় সামগ্রী হারিয়ে দুর্ভোগে পড়ে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা পৌঁছে দিতে রেড ক্রিসেন্টের এ উদ্যোগ নেওয়া হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম। এছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মুজিবুর রশীদ, সেক্রেটারি দৌলতুল কবির সিদ্দিকী, বান্দরবান জেলা কর্মকর্তা আসাদুল হায়দার চৌধুরী এবং এনডিআরটি (NDRT) ও ওয়াসা (WASH) হেডকোয়ার্টারের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগের পরপরই ক্ষতিগ্রস্ত মানুষের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেড ক্রিসেন্টের পক্ষ থেকে দেওয়া খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাময়িক সংকট মোকাবিলায় সহায়ক হবে।
স্থানীয় বাসিন্দারা দুর্যোগের পর দ্রুত সময়ের মধ্যে সহায়তা পৌঁছে দেওয়ায় রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

