পাঁচবিবিতে সেচের ড্রেন পরিস্কারকে কেন্দ্র করে হামলা, আহত ৫
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কামারগ্রাম গ্রামে বোরো ধানের জমিতে সেচের ড্রেন পরিষ্কার করাকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে জুয়েল হোসেনের পায়ে কোদালের আঘাতে কেটে যাওয়ায় তাঁর অবস্থা গুরুতর।
স্হানীয়দের সাথে কথা বলে জানা যায়, মোঃ আবু বক্কর কয়েকজন শ্রমিক নিয়ে ড্রেন পরিষ্কার করছিলেন। এ সময় একই গ্রামের শামসুল ও তাঁর ছেলে নয়ন হোসেন বাধা দিয়ে হামলা চালান। আহত জুয়েল,আজিজুল,শুকা উরাও, মাংগা উরাওকে উদ্ধার করে জয়পুরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আবু বক্করও আহত হয়েছেন।তাদের দাবি, ড্রেনটি প্রায় ১৮ বছর ধরে সেচের কাজে ব্যবহৃত হচ্ছে। গভীর নলকূপ পরিচালনা ও সেচের পানি ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।
আবু বক্কর বলেন, “২০০৪ সাল থেকে যে ড্রেন দিয়ে পানি যেত, সেটি পরিষ্কার করতে গিয়েছিলাম। এমন একটি বিষয় নিয়ে হামলা হবে, ভাবিনি।”
অভিযোগ অস্বীকার করে শামসুল বলেন, “আমার জমির মাঝ দিয়ে ড্রেন আছে। আমি এক পাশ দিয়ে ড্রেন করতে বলেছি। জমির মাঝ দিয়ে পানি যেতে দেব না।”এই কথা বলতে গেলে একটু হাতাহাতি হয়েছে।
একাধিক কৃষকের দাবি,পানির অভাবে ধানের জমি ফেটে যাচ্ছে। দ্রুত সেচের ব্যবস্থা না হলে বোরো ধানের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিরোধ নিষ্পত্তির দাবি জানিয়েছেন।

