প্রাইভেটকারে যাত্রী তুলে মুক্তিপণ আদায়
নরসিংদীতে আন্তজেলা অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
নরসিংদীর শিবপুরে যাত্রীবেশে প্রাইভেটকারে তুলে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগে আন্তজেলা অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত একটি প্রাইভেটকার, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ওমর ফারুক (৩৪), নিজাম উদ্দিন ওরফে মিজান (৩০) এবং মো. সাইফুল ইসলাম ফকির (৩২)। ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, নগদ ৫০ হাজার ২৫০ টাকা এবং ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পিবিআই জানায়, গত ৩০ জুলাই সন্ধ্যায় শিবপুর উপজেলার চৈতন্য বাসস্ট্যান্ড থেকে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাসের সমপরিমাণ ভাড়ায় একটি প্রাইভেটকারে ওঠেন স্থানীয় বাসিন্দা মো. মামুনুর রশীদ। গাড়িতে থাকা চক্রের সদস্যরা কিছুদূর যাওয়ার পর তাকে লোহার রড ও পাইপ দিয়ে মারধর করে চোখ বেঁধে জিম্মি করে।
পরে অপহরণকারীরা তাকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে তাঁর সঙ্গে থাকা নগদ টাকা, বিকাশ, নগদ ও রকেট অ্যাকাউন্টে থাকা অর্থ এবং স্বজনদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে নেওয়া টাকা মিলিয়ে মোট ৪ লাখ ২৭ হাজার টাকা হাতিয়ে নেয়। এরপর রায়পুরার মরজাল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে চোখ বাঁধা অবস্থায় ভুক্তভোগীকে ফেলে রেখে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় ভুক্তভোগী মামুনুর রশীদ ১ আগস্ট শিবপুর থানায় মামলা করেন। পরবর্তীতে ২৭ আগস্ট পিবিআই স্ব-উদ্যোগে মামলাটির তদন্তভার গ্রহণ করে। তদন্তের অংশ হিসেবে সিসিটিভি ফুটেজ ও ডিজিটাল লেনদেনের তথ্য বিশ্লেষণ করে গাজীপুরের বোর্ডবাজার ও কাতরা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
পিবিআই জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন, তারা দেশের বিভিন্ন এলাকায় একই কৌশলে যাত্রীদের অপহরণ করে মুক্তিপণ আদায় করতেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

