জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগের সন্দেহে হাইলাকান্দিতে আটক ১
ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি জেলার রামনাথপুর থানা এলাকার বলদাবলদি ৩য় খন্ড থেকে সন্দেহভাজন যোগাযোগের অভিযোগে ২১ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক যুবকের নাম ফজল ইসলাম বড়ভূঁইয়া। জানা গেছে, বাংলাদেশের একটি জেহাদি সংগঠনের সঙ্গে যোগাযোগ থাকার সন্দেহে গুয়াহাটির স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রামনাথপুর থানার পুলিশ মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে।
পুলিশের প্রাথমিক দাবি, ফজল ইসলামের সঙ্গে বাংলাদেশের একটি জেহাদি সংগঠনের যোগাযোগ থাকতে পারে। বিষয়টি নিশ্চিত হতে বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীরা সংগঠনটির সঙ্গে তার যোগাযোগের ধরন এবং এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন।
ঘটনার পর বলদাবলদি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। রামনাথপুর থানা পুলিশ ও সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার যৌথ তদন্ত অব্যাহত রয়েছে।

