ভাইরালের পর বিপাকে প্রেমিক
ভালোবাসার অভিনব প্রকাশে গাড়িতে প্রেমিকার ৩৪০০ চুমুর ছাপ
ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রের রাস্তায় একটি ব্যতিক্রমী গাড়ি পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে। গাড়িটির পুরো বডিজুড়ে ছিল লিপস্টিকের প্রায় ৩ হাজার ৪০০টি চুমুর ছাপ। প্রেমিকার এমন অভিনব ভালোবাসার প্রকাশ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলেও শেষ পর্যন্ত বিপাকে পড়তে হয়েছে গাড়ির মালিককে।
গাড়িটির মালিক আদিত্য শেখর। জানা গেছে, বিদেশি একটি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ট্রেন্ড দেখে অনুপ্রাণিত হয়ে আদিত্যের প্রেমিকা গাড়িটি এভাবে সাজানোর সিদ্ধান্ত নেন। পুরো গাড়িতে প্রায় ৩ হাজার ৪০০টি লিপস্টিকের ছাপ দিতে তার সময় লাগে প্রায় চার ঘণ্টা।
সাজানো গাড়িটি রাস্তায় বের হওয়ার পর পথচারী ও অন্যান্য চালকদের নজর কাড়ে। পরে গাড়িটির ছবি ও ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের নজরে এলে গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে মালিককে শনাক্ত করা হয়।
ট্রাফিক আইন লঙ্ঘন করে গাড়ির বাহ্যিক পরিবর্তন আনা এবং রাস্তায় বিভ্রান্তি সৃষ্টি করার অভিযোগে আদিত্য শেখরকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা পরিশোধের পর গাড়িটি ভালোভাবে ধুয়ে লিপস্টিকের সব দাগ মুছে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়।

