পাথর ও ট্রাক্টর জব্দ
কোম্পানীগঞ্জে অবৈধ সাদাপাথর উত্তোলন-মজুদ বন্ধে অভিযান
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে সাদাপাথর উত্তোলন, মজুদ ও পরিবহন বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কলাবাড়ি স্কুলের দক্ষিণ পাশে অবৈধভাবে সাদাপাথর মজুদ ও ভাঙার কাজে ব্যবহৃত তিনটি মিল শনাক্ত করা হয়। সেখান থেকে ১ হাজার ২০০ ঘনফুট আস্ত পাথর এবং ৩ হাজার ৫০০ ঘনফুট ভাঙা পাথর জব্দ করা হয়। একই সঙ্গে সাদাপাথর ভাঙার কাজে ব্যবহৃত মিলগুলো অকেজো করে দেওয়া হয়।
অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে লিলাই বাজার ঘাট এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে সাদাপাথর পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক্টরসহ মোট ৩২০ ঘনফুট আস্ত সাদাপাথর জব্দ করা হয়। ট্রাক্টরের চালকেরা পালিয়ে গেলে স্থানীয় জনগণের সহায়তায় ট্রাক্টর দুটি প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।
উপজেলা ভূমি কর্মকর্তা পলাশ তালুকদার জানান, থানা পুলিশের সহযোগিতায় অবৈধভাবে সাদাপাথরসহ বালু-পাথর উত্তোলন, মজুদ ও পরিবহন বন্ধে নিয়মিত অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।



