নিহত ৩
দিল্লিতে জ্বালানি ভরার সময় ট্রাকের সিএনজি সিলিন্ডার বিস্ফোরণ
ভারতের রাজধানী দিল্লিতে জ্বালানি ভরার সময় একটি ট্রাকের সিএনজি সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) তিকরি কালান মেট্রো স্টেশনের কাছে একটি সিএনজি পাম্পে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।
দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, একটি ট্রাক সিএনজি ভরানোর জন্য ওই পাম্পে এসেছিল। স্বাভাবিকভাবে জ্বালানি ভরার কাজ চলছিল। একপর্যায়ে হঠাৎ বিকট শব্দে সিএনজি সিলিন্ডারটি বিস্ফোরিত হয়।
বাবা হরিদাস কলোনি এলাকার বাসিন্দা মনীশ (২৫) নামের এক যুবক ওই সময় গ্যাস ভরছিলেন। বিস্ফোরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। আহত আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।
বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে রাখে পুলিশ।
দমকল বিভাগের এক কর্মী জানান, বুধবার বিকেলে দুর্ঘটনার খবর পাওয়ার পর ছয়টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। বিস্ফোরণের সময় আশপাশে ছয়জন ছিলেন। পরে তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়।
বিস্ফোরণের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

