মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত সাটুরিয়া থানার মোশারফ হোসেন
মানিকগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন।
গত ১৩ আগস্ট বৃহস্পতিবার জেলা পুলিশ লাইন মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে সাটুরিয়া থানার ওসি মো. মোশারফ হোসেনকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়। এ সময় তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম)।
অনুষ্ঠানে মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন পিপিএমসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশারফ হোসেন একজন দক্ষ ও চৌকস পুলিশ কর্মকর্তা। দীর্ঘদিন তিনি গোয়েন্দা শাখায় দায়িত্ব পালন করেছেন। কর্মক্ষেত্রে তাঁর সততা, নিষ্ঠা ও একাগ্রতা প্রশংসার দাবি রাখে। একজন পুলিশ কর্মকর্তা হিসেবে তাঁর মানবিক গুণাবলিও উল্লেখযোগ্য বলে মন্তব্য করেন তারা। একই সঙ্গে তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সম্মাননা পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ওসি মো. মোশারফ হোসেন বলেন, “এই স্বীকৃতি আমাকে গৌরবান্বিত করেছে। আমি সব সময় দেশ ও জাতির স্বার্থে নিজের দায়িত্ব পালনে প্রস্তুত আছি। এই সম্মাননা ভবিষ্যতে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে আমাকে উৎসাহ জোগাবে।”
এ সময় সাটুরিয়া থানার এএসআই (নিঃ) মো. রুবেল মিয়াকেও জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

