অন্যধারা সাহিত্য সংসদের নিয়মিত সাহিত্য আড্ডায় সমাজ ও সাহিত্যের দায় নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ২:৩৬ পূর্বাহ্ণ
অন্যধারা সাহিত্য সংসদের নিয়মিত সাহিত্য আড্ডায় সমাজ ও সাহিত্যের দায় নিয়ে আলোচনা
৮৫

অন্যধারা সাহিত্য সংসদের উদ্যোগে সংগঠনটির ইন্দিরা রোডস্থ কার্যালয়ে নিয়মিত সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও কথাসাহিত্যিক জামাল উদ্দিন জামাল।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ড. এ.টি.এম মমতাজুল করিম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি শান্তা মারিয়া এবং আড্ডার মধ্যমণি ছিলেন কবি জেবুনেচ্ছা মুনিরা। এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সিনিয়র সাংবাদিক ও কবি সৈয়দ রনো, মহাসচিব ড. কবি কল্যাণ চক্রবর্তী, যুগ্ম মহাসচিব কবি মোজাফ্ফর বাবু এবং সাংগঠনিক সচিব কবি লিলি শেঠ।

 

আড্ডার প্রধান অতিথি জামাল উদ্দিন জামাল তার বক্তব্যে বলেন, “আমরা এখন নৈতিক ও সামাজিক অবক্ষয়ের অসভ্যতা অতিক্রম করছি। চারদিকে মিথ্যা, শঠতা, প্রতারণা, ধর্ষণ এবং সব ক্ষেত্রেই অনিয়ম চলছে। দীর্ঘ ১৭ বছর দুঃশাসনের ফলে সমাজে এই অবস্থা বিরাজ করছে। এ থেকে জাতিকে পরিত্রাণ দিতে শুধু সরকারের ওপর নির্ভরশীল হয়ে বসে থাকলে চলবে না। সবাইকে এগিয়ে আসতে হবে।”

 

তিনি বলেন, “বিশেষ করে কবি-সাহিত্যিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। কবির কবিতা আরও সোচ্চার হতে হবে, আরও শানিত হতে হবে। কবিতার মাধ্যমে মানুষের বিবেককে জাগ্রত করতে হবে।”

 

জামাল উদ্দিন জামাল আরও বলেন, “বর্তমান গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আছেন। দেশের বিভিন্ন সমস্যা কবি-সাহিত্যিকরা তাদের লেখার মাধ্যমে তুলে ধরলে সরকারও পদক্ষেপ নেবে বলে আমি বিশ্বাস করি। বর্তমান সরকার কবি-সাহিত্যিকদের যথাযথ মূল্যায়ন করছেন এবং ভবিষ্যতেও করবেন।”