প্রতি বর্ষায় বন্যার দুর্ভোগ

সাতকানিয়ার নদীপাড়ের মানুষের দাবি স্থায়ী বাঁধ নির্মাণের

মুহাম্মদ আকতার উদ্দীন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৬:৫৯ পূর্বাহ্ণ
সাতকানিয়ার নদীপাড়ের মানুষের দাবি স্থায়ী বাঁধ নির্মাণের
১৪৫

প্রতি বছর বর্ষা মৌসুম এলেই নদীর পানি বৃদ্ধি ও তীব্র ভাঙনের কারণে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার অর্ধডজন ইউনিয়নের মানুষ পানিবন্দী হয়ে পড়েন। দীর্ঘদিন ধরে একই এলাকায় নদীর পাড় ভাঙনের কারণে চরম দুর্ভোগে রয়েছেন নদীতীরবর্তী লাখো মানুষ।

 

স্থানীয়দের অভিযোগ, প্রায় ১ থেকে ২ কিলোমিটার নদীর পাড়ে ৩ থেকে ৪ ফুট ঢালাই স্পারসহ প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ করা হলে প্রতিবছরের বন্যা ও নদীভাঙনের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। কিন্তু দীর্ঘদিন ধরে এ বিষয়ে কার্যকর ও স্থায়ী কোনো উদ্যোগ গ্রহণ না করায় প্রতিবছর একই সমস্যার পুনরাবৃত্তি হচ্ছে।

 

স্থানীয় বাসিন্দা মুহাম্মদ নাইম উদ্দিন বলেন, “১৯৯৭ সালে নদীর পাড় ভেঙে যাওয়ার পর দীর্ঘ সময় পার হয়ে গেলেও এখনো এ সমস্যার স্থায়ী সমাধানে তেমন কোনো অগ্রগতি হয়নি। বছর আসে, বছর যায়—কিন্তু নদীপাড়ের মানুষ পানিবন্দী জীবন থেকে মুক্তি পায় না।”

 

তিনি আরও বলেন, নদীর পাড় রক্ষায় দ্রুত স্থায়ী বাঁধ, স্পার এবং প্রয়োজনীয় নদীশাসন ব্যবস্থা গ্রহণ করা হলে সাতকানিয়ার অসংখ্য পরিবার প্রতিবছরের বন্যা ও ভাঙনের আতঙ্ক থেকে রক্ষা পেতে পারে।

 

এ বিষয়ে পানি মন্ত্রণালয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সরেজমিন পরিদর্শন ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

 

একই সঙ্গে সাতকানিয়ার নদীপাড়ের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে সবার সহযোগিতা কামনা করেছেন মুহাম্মদ নাইম উদ্দিন।